মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার ব্যক্তিগত কিছু ই-মেইল প্রকাশ করেছে উইকিলিকস। ডেমোক্রেট দল থেকে মার্কিন প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটনের প্রচারণা প্রধান জন পডেস্টার হ্যাক হওয়া ২৩ হাজার ই মেইলের মধ্যে রয়েছে বারাক ওবামার মেইলগুলো।
নিউইয়র্ক পোস্টে প্রকাশিত খবরে বলা হয়, bobama@ameritech.net নামের একটি ই-মেইল ঠিকানা থেকে ৭টি মেইল পাঠানো হয়েছে পডেস্টার অ্যাকাউন্টে। একটি ই মেইল পাঠানো হয়েছিল প্রথমবার প্রেসিডেন্ট হিসেবে বারাক ওবামা আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছেন এটা নিশ্চিত হওয়ার ২০ মিনিটের মধ্যে।
২০০৮ সালের ৪ নভেম্বর পডেস্টার অ্যাকাউন্ট থেকে ওবামার ব্যক্তিগত ই-মেইল ঠিকানায় পাঠানো বার্তায় বলা হয়, তিনি যেন সেই সময়ে নভেম্বরের ১৫ তারিখে ওয়াশিংটনে অনুষ্ঠিতব্য জি-২০ সম্মেলনে যেন প্রেসিডেন্ট বুশের আমন্ত্রণে সাড়া না দেন। উল্লেখ্য, পডেস্টা তখন ওবামার ক্ষমতা গ্রহণ দলের কো চেয়ার ছিলেন। ওবামা সেই সম্মেলনে অনুপস্থিত ছিলেন।
ওই বছরের ৩০ অক্টোবর ওবামার ‘কথিত’ ব্যক্তিগত ই মেইল থেকে পডেস্টার ই-মেইলের প্রত্যুত্তর দেয়া হয়। ই-মেইলের সিগনেচারে প্রতীয়মান হয় যে ওবামার দীর্ঘদিনের প্রিয় ব্ল্যাকবেরি মোবাইল থেকে সেটি পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার এই ই-মেইল ঠিকানায় মেইল পাঠানো হলে সেটি ‘বাউন্স’ করেনি, এর অর্থ মেইল অ্যাড্রেসটি এখনো সক্রিয় রয়েছে। এই বিষয়ে মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছে হোয়াইট হাউজ। মার্কিন গোয়েন্দা অধিদফতর মনে করে ডেমোক্রেটিক পার্টি সংশ্লিষ্ট এই হ্যাকিংয়ের পেছনে রাশিয়ার হাত রয়েছে। এন্ডগ্যাজেট।
ইত্তেফাক/এসএসএ