রাজশাহীর হযরত শাহ্ মখদুম (রহ.) কেন্দ্রীয় ঈদগাহে আয়োজিত তাবলীগ জামাতের তিন দিনব্যাপী আঞ্চলিক ইজতেমা শনিবার আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হয়েছে।
বেলা ১১টা ২০ মিনিট থেকে ১১টা ৫৫ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত আখেরি মোনাজাতে বাংলাদেশসহ গোটা বিশ্বের মুসলিম উম্মাহর সুখ, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়। মোনাজাত পরিচালনা করেন রাজধানীর কাকরাইল মসজিদ থেকে আসা তাবলীগ জামাতের সুরা সদস্য মাওলানা জুবায়ের আহমেদ। এর আগে ফজরের পর থেকে কাকরাইল মসজিদের মুরব্বী মালানা রবিউল হক ও মাওলানা আবদুল মতিন মুসল্লিদের উদ্দেশে কোরআন ও হাদিস থেকে বয়ান করেন।
উল্লেখ্য, গত ২০ অক্টোবর ফজরের নামাজের পর আম বয়ানের মধ্যে দিয়ে রাজশাহী আঞ্চলিক ইজতেমার আনুষ্ঠানিকতা শুরু হয়। মাগরিবের নামাজের পর থেকে চলে মূল বয়ান। ইজতেমায় রাজশাহী বিভাগের বিভিন্ন জেলা থেকে ২০০টি তাবলীগ জামাত অংশগ্রহণ করেন।
ইত্তেফাক/ইউবি