কুষ্টিয়ার মিরপুরে ব্যবসায়ী অপহরণ

কুষ্টিয়ার মিরপুর উপজেলার আমলা বাজার থেকে ব্যবসায়ী গোলাম মোস্তফা ওরফে মতে মালিথাকে (৫০) অপহরণ করা হয়েছে মর্মে চাঞ্চল্যকর অভিযোগ পাওয়া গেছে। মতে মালিথা দৌলতপুর উপজেলার খলিশাকুন্ডি ইউনিয়নের গাছের দিয়াড় গ্রামের মৃত দেলবার মালিথার ছেলে।
 
শনিবার সকাল সাড়ে ১০ টায় আমলা বাজারে শত শত লোকের মাঝে ওই অপহরনের ঘটনা ঘটে। অপহৃতের পরিবার ও প্রত্যক্ষদর্শীদের বর্ণনামতে জানা যায়, আমলা বাজারের বিশিষ্ট কাঁচামাল ব্যবসায়ী মতে মালিথা বাজারের অদুরে কলেজ পাড়ার নিজ বাসা থেকে ঔষধ কেনার জন্য বাজারে আসে। এ সময় বাজারে উপস্থিত লোকজন কিছু বুঝে ওঠার আগেই অপরিচিত দুই ব্যাক্তি তাকে জোর করে মটর সাইকেলে তুলে কুষ্টিয়া-মেহেরপুর সড়ক দিয়ে কুষ্টিয়ার দিকে চলে যায়।
 
ঘটনাটি জানার পর পরিবারের লোকজন বিভিন্নস্থান ছাড়াও পার্শ্ববর্তী আমলা পুলিশ ক্যাম্প, মিরপুর থানা পুলিশ ও কুষ্টিয়া ডিবি পুলিশে খোঁজ নিয়ে জানতে পারে মতে মালিথা তাদের হেফাজতে নেই। তারপর থেকেই পরিবারের লোকজন চরম উদ্বেগ উৎকন্ঠায় রয়েছে।
 
রাতে এ রিপোট লেখা পর্যন্ত মতে মালিথার কোন খোঁজ মেলেনি। প্রকাশ্য দিবালোকে ব্যবসায়ী মতে মালিথার অপহরণ ঘটনাটি উপজেলায় পরিণত হয়েছে প্রধান আলোচনায়।
 
ইত্তেফাক/এএন