ইরাকে মসুলে একটি সালফার প্ল্যান্ট থেকে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে। শনিবার বিবিসির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মসুল পুনর্দখলের জন্য লড়াইয়ের সময় কাইয়ারাতে একটি সালফার প্ল্যান্টে ইসলামিক স্টেটের যোদ্ধারা আগুন লাগিয়ে দেয়। এতে নির্গত গ্যাসের বিষক্রিয়ায় শত শত লোক অসুস্থ হয়ে পড়েছে। ধোঁয়ায় অন্তত দুইজন বেসামরিক মানুষ নিহত হয়েছেন।
মার্কিন সৈন্যরা বলছে, খবর অনুযায়ী চলতি সপ্তাহের প্রথম দিকে ইরাকি বাহিনীর অগ্রযাত্রার মুখে পালিয়ে যাবার সময় কারখানাটিতে আগুন দেয় আইএস। এর পরে বাতাসে ভেসে সেই ধোঁয়া ছড়িয়ে পড়ে।
রয়টার্স বলছে, প্রায় এক হাজার লোক শ্বাস-প্রশ্বাসের সমস্যায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।
কাইয়ারাতে যেখানে এই কারখানাটি - সেখানে মসুল অভিযানে ইরাকি বাহিনীকে সহায়তার জন্য একটি কেন্দ্র গড়ে তুলেছে মার্কিন সেনাবাহিনী।
ইত্তেফাক/এএসএস