রাজধানীর উত্তর বাড্ডায় একটি বাড়ি থেকে মা ও দুই শিশুকে অচেতন অবস্থায় উদ্ধারের পর এক শিশুর মৃত্যু হয়েছে।
বিষয়টি রহস্যজনক উল্লেখ করে বাড্ডা থানার ও্সি আবদুল জলিল জানান, খাবারের সঙ্গে কেউ চেতনা নাশক ওষুধ মিশিয়ে দিয়েছে কিনা, খাদ্যে বিষক্রিয়া হয়েছে কিনা তা তদন্ত করা হচ্ছে।
উত্তর বাড্ডার খান মসজিদের পাশে একটি পাঁচ তলা বাড়ির ৫ম তলার ফ্ল্যাটে শনিবার দিবাগত গভীর রাতে এ ঘটনা ঘটে।
অচেতন অবস্থায় মা শাহানা বেগম (২৫), শিশু সন্তান আগমনী (৪) ও আরিয়ানাকে (দেড় বছর) বাড্ডা জেনারেল হাসপাতালে ভর্তির পর আরিয়ানাকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
শাহানা বেগমের স্বামী আমজাদ হোসেনের তথ্যের উদ্ধৃতি দিয়ে বাড্ডা থানার ওসি জানান, তিনি একটি বেসরকারি কোম্পানিতে কর্মরত। রাত দুইটার দিকে অফিস থেকে বাসায় ফিরে ফ্ল্যাটের কলিং বেল টিপে ও দরজা ধাক্ক-ধাক্কি করেও তার স্ত্রীর কোনো সাড়া পাননি। পরে পাশের ফ্ল্যাটের বাসিন্ধাদের সহযোগিতায় দরজা ভেঙ্গে ফেলেন। ঘরে তিনি ঢুকে বিছানার উপর স্ত্রী ও দুই সন্তানকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি তাদেরকে বাড্ডা জেনারেল হাসপাতালে নিয়ে যান।
ওসি আরো জানান, মৃত শিশুর লাশ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করতে শাহানার স্বামীকে জিজ্ঞাসাবাদ করা হবে।
ইত্তেফাক/কেকে