বাল্যবিবাহ মুক্ত ইউনিয়ন ঘোষণার এক মাস শেষ না হতেই লক্ষ্মীপুরের রামগতিতে সপ্তম শ্রেণির এক মাদ্রাসা ছাত্রীকে (১৪) বিয়ে দেয়া হয়েছে। এই অপরাধে ইউপি সদস্য ও ছাত্রীর পিতাকে অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। শনিবার রাতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম শফি কামাল এই দণ্ড দেন।
দণ্ডপ্রাপ্তরা হলন-লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চর আলগী ইউনিয়ন পরিষদের মেম্বার মো. ওমর ফারুক এবং একই ইউনয়নের চর নেয়ামত গ্রামের ছাত্রীর বাবামো. মহিউদ্দিন।
জানা যায়, উপজেলার চরপোড়াগাছা ছিদ্দিকিয়া দাখিল মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী তানজিনা আক্তারকে তার বাবা গত ১৯ অক্টোবর নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নুরুপাটারিরহাট এলাকায় বিয়ে দেন। গোপনে বিয়ের আয়োজনও করা হয় নুরুপাটারিরহাটে। চরআলগী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মেম্বার ওমর ফারুক বিয়ে আয়োজনে সহযোগিতা করেন।
এস এম শফি কামাল জানান,খবর পেয়ে শনিবার সন্ধ্যায় মহিউদ্দিন ও ওমর ফারুককে আটক করা হয়। পরে রাতে ভ্রাম্যমাণ আদালতে অপরাধ স্বীকার করায় ওমর ফারুককে ছয় হাজার টাকা এবং মহিউদ্দিনকে এক হাজার টাকা জরিমানা করা হয়।
এর আগে গত ২৮ সেপ্টম্বর লক্ষ্মীপুরের জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী চর আলগী ইউনিয়নকে বাল্যবিবাহ মুক্ত ঘোষণা করেন।
ইত্তেফাক/এএসএস