রাজশাহী বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলায় তার রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।
রবিবার দুপুরে নগরীর মতিহার থানার অফিসার ইনচার্জ (তদন্ত) অশোক চৌহান এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে মনিরুলকে লিপু হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।
এর আগে লিপুর লাশ উদ্ধারের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য লিপুর রুমমেট মনিরুল ইসলাম, লিপুর বন্ধু প্রদীপ ও হলের দুই নিরাপত্তা প্রহরীকে থানা হেফাজতে নেয় পুলিশ। তিনদিন জিজ্ঞাসাবাদ শেষে রবিবার সকালে মনিরুলকে মামলা গ্রেফতার দেখানো হলো। এদিকে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশ হেফাজতে নেয়া দুই নিরাপত্তা প্রহরীকে একদিন পর ছেড়ে দিলেও শনিবার সন্ধ্যার আবার হেফাজতে নেয় পুলিশ। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগেই লিপুর বন্ধু প্রদীপকে ছেড়ে দেয়া হয়।
এদিকে লিপুর বাবা বদর উদ্দিন জানিয়েছেন রুমমেট মনিরুল ইসলামের সঙ্গে লিপুর ভালো সম্পর্ক ছিল না। তিনি মুঠোফোনে জানান, এক রুমে থাকলেও লিপুর সঙ্গে তার রুমমেটের খুব কম কথা হতো।
গত বৃহস্পতিবার সকাল ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব আবদুল লতিফ হলের ডায়নিংয়ের পাশ থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। তার মাথার ডান পাশে বড় ধরনের আঘাতের চিহ্ন আছে। ওই আঘাতের কারণে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে ময়নাতদন্তকারী চিকিৎসক। লাশ উদ্ধারের পর ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা বশির আলী বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মামলায় অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছিল।
ইত্তেফাক/ইউবি