বদরুলকে শাবি থেকে বহিষ্কার

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগের ছাত্র বদরুল আলমকে। সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে কুপিয়ে হত্যা চেষ্টার অভিযোগে তার বিরুদ্ধে এ ব্যবস্থা নেয় শাবি কর্তৃপক্ষ।
 
আজ রবিবার অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের ২০১তম সভায় বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয় বলে নিশ্চিত করেছেন সিন্ডিকেট সদস্য অধ্যাপক কবির হোসেন।
 
বদরুল বিশ্ববিদ্যালয়ের ২০০৮-০৯ শিক্ষাবর্ষে অর্থনীতি বিভাগে ভর্তি হয়। যথাসময়ে কোর্স সম্পন্ন না করায় সে অনিয়মিত হয়ে পড়ে। বদরুল ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সহ-সম্পাদকের দায়িত্বে ছিল।
 
গত ৩ অক্টোবর সিলেট এমসি কলেজ কেন্দ্রে পরীক্ষা দিয়ে বাসায় ফেরার পথে ওই কলেজ ক্যাম্পাসেই সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক ২য় বর্ষের শিক্ষার্থী খাদিজাকে কুপিয়ে রক্তাক্ত করে বদরুল আলম। ঘটনার পরদিনই তাকে শাবি থেকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়। একই সঙ্গে ওই দিন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক রাশেদ তালুকদারকে প্রধান করে তিন সদস্যের একটি ‘ফ্যাক্ট ফাইন্ডিং’ কমিটি গঠন করা হয়। ওই কমিটির প্রতিবেদন রবিবার সিন্ডিকেট সভায় উত্থাপন করা হলে বদরুলকে বিশ্ববিদ্যালয় থেকে স্থায়ীভাবে বহিষ্কারের সিদ্ধান্ত নেয়া হয়। বাসস।