শেখ হাসিনা-ওবায়দুল কাদেরকে বিএনপির অভিনন্দন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা পুনরায় আওয়ামী লীগের সভাপতি এবং ওবায়দুল কাদের দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হওয়ায় বিএনপির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
 
রবিবার বিকালে রাজধানীর সেগুনবাগিচায় কচিকাঁচা ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাদের অভিনন্দন জানান তিনি।
 
মির্জা ফখরুল বলেন, বিএনপি আশা করে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরিয়ে দিতে আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক কাজ করবেন। নতুন নেতৃত্ব দেশ ও জনগণের কল্যাণে কাজ করবেন।
 
তিনি বলেন, আজ দেশে গণতন্ত্র নেই, মানুষের কথা বলার অধিকার নেই। এই ‘অগণতান্ত্রিক’ সরকারের বিরুদ্ধে যারাই কথা বলছে তাদেরকেই খুন-গুমসহ বিভিন্ন মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। গোটা দেশটাই আজ কারাগারে পরিণত হয়েছে। সারা দেশের মানুষ কারাগারে মধ্যে অবস্থান করছে। 
 
জাতীয়তাবাদী সাংস্কৃতিক জোট কচিকাঁচা মিলনায়তনে প্রয়াত চলচ্চিত্রকার চাষী নজরুল ইসলামের ৭৫তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভার আয়োজন করে।চাষী নজরুল ইসলামের স্ত্রী জোৎসান কাজীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন, জাসাস সাধারণ সম্পাদক মনির খান প্রমুখ।
 
 
 
ইত্তেফাক/এমআই