ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক ও শিক্ষা সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে আমেরিকার কুইনিপিয়াক ইউনিভার্সিটির সাথে এক সমঝোতা স্মারক আজ সোমবার স্বাক্ষরিত হচ্ছে। সমঝোতা অনুযায়ী, বাণিজ্য অনুষদের স্নাতক পর্যায়ের শিক্ষার্থীরা প্রথম দুই বছর শিক্ষা গ্রহণ শেষে পরবর্তী দুই বছর কুইনিপিয়াক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে।
এছাড়াও গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, শিক্ষাসামগ্রী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই চুক্তির আওতায় থাকবে। রবিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বাণিজ্য অনুষদের ডিন কার্যালয়ে সমঝোতা স্মারক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
এ সময় উপস্থিত থাকবেন কুইনিপিয়াক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী, একই ইউনিভার্সিটির স্কুল অব বিজনেস বিভাগের ডিন ড. ম্যাথুউকননর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি অধ্যাপক নাসরিন আহমাদ, কোষাধ্যক্ষ অধ্যাপক কামালউদ্দিন ও ব্যবসায় শিক্ষা অনুষদের ডিন অধ্যাপক শিবলী রোবায়েত-উল ইসলাম।
অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী ডাকসুর প্রাক্তন সাহিত্য সম্পাদক, ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাণিজ্য অনুষদের প্রাক্তন শিক্ষক।
ইত্তেফাক/এসএসএ