আদালতে হাজিরা শেষে কারাগারে বদরুল

সিলেট সরকারি মহিলা কলেজের স্নাতক (পাস) দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে হত্যাচেষ্টা মামলার আসামি ছাত্রলীগ নেতা বদরুল আলমকে রবিবার সিলেট মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। 
 
আদালতে হাজিরা শেষে বদরুলকে পুনরায় কারাগারে পাঠানো হয়। আদালত এ মামলার পরবর্তী শুনানি  ১৫ নভেম্বর ধার্য করেছেন। 
 
খাদিজাকে কোপানোর ওই মামলায় চার্জশিট স্বল্পতম সময়ের মধ্যে দাখিল করা হবে বলেও জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জেদান আল মুসা। 
 
গত ৩ অক্টোবর এমসি কলেজের পুকুরপাড়ে সিলেট সরকারি মহিলা কলেজের শিক্ষার্থী খাদিজা বেগম নার্গিসকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অনিয়মিত শিক্ষার্থী ও শাবি ছাত্রলীগের সহ-সম্পাদক বদরুল আলম। পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাকে ভর্তি করা হলে খাদিজার অবস্থা গুরুতর হওয়ায় রাতেই তাকে ঢাকায় পাঠানো হয়। 
 
এদিকে এ ঘটনায় পরদিন খাদিজার চাচা আবদুল কুদ্দুস বাদী হয়ে বদরুলকে একমাত্র আসামি করে শাহপরাণ থানায় মামলা দায়ের করেন। মামলা নম্বর-৮।
 
ইত্তেফাক/ইউবি