জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগকে ৫৫ ইঞ্চির ফুল এইচডি এলইডি টেলিভিশন উপহার দিল ওয়ালটন। টেলিভিশনে প্রচারিত বিভিন্ন সংবাদ বিশ্লেষণের কাজে ব্যবহৃত হবে ওই টিভি সেট।
এতে করে শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষা আরো ব্যবহারমুখী হবে। রবিবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক এবং জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্ট্যাডিজ বিভাগের চেয়ারম্যান সহকারি অধ্যাপক উজ্জ্বল কুমার মন্ডল এর হাতে টেলিভিশন সেট তুলে দেন ওয়ালটন গ্রুপের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম।
এসময় আরো উপস্থিত ছিলেন বিভাগের সহকারি অধ্যাপক শেখ আদনান ফাহাদ ও রাকিব আহমেদ, প্রভাষক সালমা আহমেদ, মীর মো. ফজলে রাব্বি, সুমাইয়া শিফাত ও হাসান মাহমুদ ফয়সল, ওয়ালটন গ্রুপের সহকারি পরিচালক মো. রবিউল ইসলাম মিল্টন এবং সাংবাদিকতা বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা।
টেলিভিশন হস্তান্তর অনুষ্ঠানে কলা ও মানবিকী অনুষদের ডীন অধ্যাপক ড. মোজাম্মেল হক ওয়ালটনকে ধন্যবাদ জানিয়ে বলেন, দেশে মেধাবী সাংবাদিক তৈরিতে ওয়ালটন এ ধরণের সহযোগিতা আগামীতেও অব্যাহত রাখবে।
ওয়ালটনের অপারেটিভ ডিরেক্টর উদয় হাকিম বলেন, দেশীয় শিল্পের বিকাশে এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গণমাধ্যম ব্যাপক ইতিবাচক ভূমিকা পালন করছে। দেশে গণমাধ্যমের সুষ্ঠু বিকাশে এবং মেধাবী গণমাধ্যম কর্মী তৈরিতেও করপোরেট প্রতিষ্ঠানগুলোর দায়িত্ব রয়েছে। এরই প্রেক্ষিতে, শিক্ষার্থীদের একাডেমিক শিক্ষার পাশাপাশি ব্যবহারিক জ্ঞান, সিমুলেশন প্রক্রিয়া আরো সহজতর করবে এই ছোট্ট উপহার।
ইত্তেফাক/এসএসএ