৯ দিনে 'অ্যায় দিল হ্যায় মুশকিল'র গল্প বানিয়েছেন করণ!

সিনেমার প্রাণ হলো গল্প। একটা ভালো গল্প লিখতে কি পরিমাণ সময় ব্যয় করেন চিত্রনাট্যকাররা? কারো কারো এক থেকে তিন বছর লাগে, কারো কারো তো আবার পাঁচ-ছয় বছরও লেগে যায়! কিন্তু বলিউড পরিচালক করণ জোহরের একটা ভালো গল্প লিখতে কত সময় লাগে জানেন? মাত্র ৯ দিন। সত্যি বলছি, 'অ্যায় দিল হ্যায় মুশকিল' ছবির গল্প লিখতে নাকি মাত্র ৯ দিন সময় নিয়েছেন করণ!
 
এটা কোনো কানাঘুষা বা গুঞ্জনের তথ্য নয়। এটা নিজ মুখেই জানিয়েছেন করণ। শনিবার জিও মুম্বাই চলচ্চিত্র উৎসবে ঐশ্বরিয়া রাই বচ্চন ও আনুশকা শর্মাকে নিয়ে ছবির প্রোমোশনে এসেছিলেন করণ। আর সেখানেই এই তথ্য দিয়েছেন এই স্পষ্টভাষী পরিচালক।
 
করণের কথায়, 'আমার সব ছবিতেই আমি পুরুষ চরিত্রের থেকে মহিলা চরিত্রের বেশি গুরুত্ব দিই। এটা আমার ভালো লাগে করতে। তাই এই ধরণের গল্প ভাবতে আমার খুব একটা অসুবিধা হয় না। মাত্র ৯ দিনেই একটা গল্প তৈরি করেছিলাম 'অ্যায় দিল হ্যায় মুশকিলের'।
 
২৮ অক্টোবর মুক্তি পাচ্ছে করণের অ্যায় দিল হ্যায় মুশকিল। এই ছবিতে প্রেমের সম্পর্ককে একদম অন্যভাবে দেখিয়েছেন করণ। ছবিতে রয়েছেন ঐশ্বরিয়া রাই বচ্চন, রণবীর কাপুর, আনুশকা শর্মা ও ফাওয়াদ খান। শোনা যাচ্ছে, এক ছোট্ট চরিত্রে দেখা যাবে শাহরুখ খানকেও।
 
ইত্তেফাক/এএম