‘প্রডিউসাররা লোভ সামলাতে পারছেন না’

 
সঙ্গীতশিল্পী আসিফ আকবর। গানের প্রজেক্ট নিয়ে নিয়মিত ব্যস্ত আছেন তিনি। নিজের এই ব্যস্ততা ও অডিও বাজারের শিল্পীদের নিজস্ব অধিকার প্রসঙ্গে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে—
 
সাম্প্রতিক ব্যস্ততা—
এখন আমার নতুন ৬টি প্রজেক্ট নিয়ে ব্যস্ত আছি। এই প্রজেক্টে গান করছেন আঁখি আলমগীর, ডলি সায়ন্তনী, ঐশিসহ অনেকে। এখন আমার গানগুলো অনলাইনে রিলিজ দিচ্ছি। কারণ অ্যালবামের যুগ শেষ। আসিফের কোনো অ্যালবাম যদি রিলিজ হয় তা উপহার দেওয়ার জন্য। এছাড়া বরিশাল বুলসের একটি মিউজিক ভিডিও হবে, সেটির জন্য গান করছি।
 
গত রোজার ঈদে অডিও বাজারের অবস্থা খুব ভালো ছিল। কিন্তু সেই ধারাবাহিকতা এখন আর দেখা যাচ্ছে না। আপনি এর কারণ কী মনে করেন?
আমি তখনই এর অবস্থা খারাপ দেখেছি এবং বলেছি। কারণ প্রডিউসাররা লোভ সামলাতে পারছেন না। যে কারণে যাকে তাকে নিয়ে টাকা লগ্নি করেছেন। তাই বছর শেষে লাভের অংশ না দেখে প্রডিউসাররা চলে যাচ্ছেন এবং যাবেন। এক্ষেত্রে শিল্পীদের নিজেদের অধিকারটা নিজেদেরই বুঝতে হবে।
 
নতুনরা অধিকার নিয়ে কতটা সচেতন বলে মনে হয়?
গত ৮ বছর ধরে এই অধিকারের কথাই আমি বলছি। আর কত! নিজের অধিকারটা নিজেদেরই বুঝতে হবে। আদায় করে নিতে হবে। এক্ষেত্রে নতুনদের নিজেদেরই সচেতন হতে হবে। আমি আমার অধিকার বুঝে কাজ করছি, তাই লাভবান হচ্ছি।
 
চলচ্চিত্রে গানের ক্ষেত্রে সত্ত্ব নিয়ে গান করছেন। এ প্রসঙ্গে বলুন—
আমার গানের সত্ত্ব আমার কাছে থাকবে। এ কারণেই আমি চলচ্চিত্রের গানগুলোর সত্ত্ব নিয়ে গান করছি। আর যারা গান নিয়ে আসছেন তারা এটা মেনেই আসছেন।