ঢাবির বাণিজ্য অনুষদের শিক্ষার্থীদের একাডেমিক, শিক্ষা সহযোগিতা উন্নয়ন এবং বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বৃদ্ধির লক্ষে আমেরিকার কুইনিপিয়াক ইউনিভার্সিটির সঙ্গে সমঝোতা স্মারক সই হয়েছে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য লাউঞ্জে এই স্বাক্ষর অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে কুইনিপিয়াক ইউনিভার্সিটির ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগের অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী, স্কুল অব বিজনেস বিভাগের ডিন অধ্যাপক ম্যাথুউ কননর কুইনিপিয়াক ইউনিভার্সিটির পক্ষে প্রতিনিধিত্ব করেন। ঢাবির পক্ষে কোষাধাক্ষ্য অধ্যাপক কামাল উদ্দিন সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।
এ ছাড়া অনুষ্ঠানে বিজনেস ফ্যাকালটির ডিন অধ্যাপক শিবলী রোবায়েত-উল ইসলাম, অ্যাকাউন্টিং অ্যালামনাইয়ের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট হাসান আহমেদ চৌধুরী কিরণ বক্তব্য রাখেন করেন। এ সময় সেখানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।
সমঝোতা চুক্তি অনুযায়ী ঢাবির বাণিজ্য অনুষদের স্নাতক পর্যায়ে শিক্ষার্থীরা প্রথম দুই বছর শিক্ষা গ্রহণ শেষে পরবর্তি দুই বছর কুইনিপিয়াক ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ পাবে। এছাড়াও গবেষণা, প্রশিক্ষণ, প্রকাশনা, শিক্ষা সামগ্রী বিনিময়সহ স্বল্প মেয়াদী বিভিন্ন শিক্ষা কার্যক্রম এই চুক্তির আওতায় থাকবে।
উল্লেখ্য, কুইনিপিয়াক ইউনিভার্সিটির প্রতিনিধিত্বকারী অধ্যাপক মোহাম্মদ নিয়ামত এলাহী ডাকসুর প্রাক্তন সাহিত্য সম্পাদক, ঢাকা ইউনিভার্সিটি ডিবেটিং ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি ও বাণিজ্য অনুষদের প্রাক্তন শিক্ষক হিসেবে কাজ করেছেন।
ইত্তেফাক/ইউবি