রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েমট) ২০১৬-১৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) কোর্সের ভর্তি পরীক্ষা বুধবার অনুষ্ঠিত হবে।
সোমবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ‘ক’ গ্রুপের ভর্তি পরীক্ষা সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। আর ‘খ’ গ্রুপের ভর্তি পরীক্ষা শুধু আর্কিটেকচার বিভাগে ভর্তিচ্ছুদের মুক্তহস্ত অংকন পরীক্ষা একই দিন বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য যোগ্য প্রার্থীদের তালিকা ও অংশগ্রহণের নিময়াবলী রুয়েটের প্রশাসনিক ভবনের নোটিশ বোর্ডে ও ওয়েবসাইটে (www.ruet.ac.bd) দেয়া হয়েছে।
পরীক্ষা চলাকালীন পরীক্ষার্থীরা কোন ধরণের ব্যাগ, মোবাইল ও ইলেকট্রনিকস ডিভাইস নিয়ে পরীক্ষার হলে প্রবেশ করতে পারবে না। এ বছর ভর্তি পরীক্ষায় ৮ হাজার ২০ জন ছাত্র-ছাত্রী অংশ নিবে। এর মধ্যে ১৪টি বিভাগে ৮৭৫ শিক্ষার্থীকে ভর্তি করা হবে। আগামী ৬ নভেম্বরের মধ্যে ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।
ইত্তেফাক/ইউবি