বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাচ্ছে : গওহর রিজভী

প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী বলেছেন, বাংলাদেশের সঙ্গে মার্কিন যুক্তরাষ্ট্রের ব্যবসায়িক সম্পর্ক এগিয়ে যাচ্ছে। বাংলাদেশের সঙ্গে যৌথ বিনিয়োগে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীরা আজ এগিয়ে আসছেন বলে তিনি মন্তব্য করেন।
 
আজ সোমবার দুপুরে নারায়ণগঞ্জের রুপগঞ্জে বাংলাদেশ পেট্রোলিয়াম কোম্পানী লিমিটেড ও মার্কিন যুক্তরাষ্ট্রের শিল্প প্রতিষ্ঠান প্লাস্টিক বর্জ্য রিসাইক্লিং করে নতুন বোতল তৈরির কারখানা উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
 
অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের ডেপুটি চিফ অব মিশন ডেভিড মিলি, সংসদ সদস্য গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক ও বিপিসিএল’র ব্যবস্থপনা পরিচালক খালেদ এম ইউসুফ এবং চেয়ারম্যান খান মোহাম্মদ আহসান প্রমুখ বক্তব্য রাখেন।
 
গওহর রিজভী আরো বলেন, সরকার দেশের পরিবেশ রক্ষার প্রতি দৃষ্টি রেখে পরিবেশ বান্ধব কলকারখানা স্থাপনে অগ্রাধিকার দিচ্ছে। পরিবেশভিত্তিক শিল্পকারখানা যাতে প্রয়োজনীয় ইনসেনটিভ পায় সে ব্যাপারে তিনি উদ্যোগ গ্রহণের কথা উল্লেখ করেন।
 
পরে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভীসহ অন্যরা প্রতিষ্ঠানটি পরিদর্শন করেন। -বাসস।
 
 
 
 
 
ইত্তেফাক/এমআই