রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় আইন অনুষদের প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যু সাল ভুল হয়েছে।
সোমবার বেলা ৯টা থেকে ১০টায় অনুষ্ঠিত ‘বি’ ইউনিটের (আইন বিভাগ) বিজোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার প্রশ্নে এ ভুল হয়।
বঙ্গবন্ধুর মৃত্যু সালকে ভুল দিয়ে ইতিহাস বিকৃত করা হয়েছে এমন অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের।
জানা যায়, ‘বি’ইউনিটের বিজোড় রোল নম্বরধারীদের ভর্তি পরীক্ষার ৪ নম্বর সেটের প্রশ্নপত্রের ৪১ নম্বর প্রশ্নে বঙ্গবন্ধুর মৃত্যুর তারিখ ঠিক থাকলেও সালের জায়গায় ২০১৬ উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে রাবি শাখা ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদুল ইসলাম রাঞ্জু বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের মতো একটি বড় প্রতিষ্ঠানের পক্ষ থেকে বঙ্গবন্ধুকে নিয়ে এ রকম একটা ভুল কখনই কাম্য নয়। এ ভুল করে তারা আমাদের ইতিহাসকে বিকৃত করেছেন।’
প্রশ্নেপত্রে ভুলের বিষয়টি স্বীকার করে আইন বিভাগের সভাপতি আবু নাসের মো. ওয়াহিদ বলেন, ‘অনিচ্ছাকৃত এমন ভুল হওয়ার জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আমরা আসলে বিষয়টির জন্য ক্ষমা প্রার্থী।’
এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক মুহম্মদ মিজানউদ্দিন বলেন, ‘এ বিষয়ে আমি ডিনের সঙ্গে কথা বলেছি। তিনি আমার কাছে দুঃখ প্রকাশ করেছেন।’
ই্ত্তেফাক/ইউবি