বাহুবলের ৪ শিশু হত্যা মামলার সাক্ষ্যগ্রহণ অব্যাহত

 
হবিগঞ্জের বাহুবল উপজেলার সুন্দ্রাটিকি গ্রামের চার শিশু হত্যা মামলার সাক্ষ্য গ্রহণ অব্যাহত রয়েছে। আজ সোমবার তৃতীয় দিনের মতো আরো দুই জনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। এ পর্যন্ত ৬ জনের সাক্ষ্য নেয়া হয়। 
 
মঙ্গলবার আরো একজনের সাক্ষ্য গ্রহণের কথা রয়েছে। এর আগে কারাগারে থাকা সব আসামিকে আজ আদালতে হাজির করা হয়।
 
জেলা ও দায়রা জজ এবং শিশু আদালতের বিচারক আতাব উল্লাহ’র আদালতে দুপুর ১২টায় এ মামলার সাক্ষ্য গ্রহণ শুরু হয়। কাজল মিয়া নামে এক ব্যক্তি প্রথমে সাক্ষ্য দেন। পরে মিজানুর রহমান তালুকদারের সাক্ষ্য নেয়া হয়। 
 
সাক্ষ্য গ্রহণ শেষে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট চৌধুরী আশরাফুল বারী নোমান সাক্ষিদের জেরা করেন। 
 
সরকার পক্ষের আইনজীবী অ্যাডভোকেট ত্রিলোক কান্তি চৌধুরী বিজন জানান, মামলায় ৫৯ জন সাক্ষী রয়েছেন। 
 
উল্লেখ্য, গত ১২ ফেব্রুয়ারি সন্ধ্যায় চার শিশুকে অপহরণ করা হয়। পাঁচদিন পর ১৭ ফেব্রুয়ারি সকালে গ্রাম থেকে প্রায় দুই কিলোমিটার দূরে ইছারবিল খালের পাশে মাটির নিচে ওই চার শিশুর মৃতদেহ পাওয়া যায়।
 
নিহত শিশুরা হলেন- সুন্দ্রাটিকি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্র জাকারিয়া শুভ (৮), প্রথম শ্রেণির ছাত্র মনির মিয়া (৭), চতুর্থ শ্রেণির ছাত্র তাজেল মিয়া (১০) ও সুন্দ্রাটিকি মাদ্রাসার ছাত্র ইসমাইল মিয়া (১০)। এর মধ্যে প্রথম তিনজন সম্পর্কে আপন চাচাতো ভাই। আর ইসমাইল তাদের প্রতিবেশী। 
 
গত ৫ এপ্রিল হবিগঞ্জ গোয়েন্দা পুলিশের তৎকালীন ওসি মুক্তাদির হোসেন এ ঘটনায় ৮ জনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 
 
মামলার অন্যতম আসামি বাচ্চু মিয়া র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।-বাসস
 
 
ইত্তেফাক/কেকে