আইপিএলে সম্প্রচার স্বত্ব বিক্রি স্থগিত

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের সম্প্রচার স্বত্ব বিক্রির প্রক্রিয়া পিছিয়ে দিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড। মঙ্গলবার স্বত্ব বিক্রির অনুষ্ঠান হওয়ার কথা ছিলো। কিন্তু সোমবার রাতে এক ঘোষণায় এই অনুষ্ঠান পিছিয়ে দেয় বিসিসিআই। তবে এই প্রক্রিয়া কবে শুরু হবে সেবিষয়েও কোনো আভাস দেয়নি তারা।
 
এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মাননীয় সুপ্রিম কোর্টের নির্দেশমত আমরা টেনডার প্রক্রিয়া নিয়ে আরো আলোচনা করছি।
 
বিভিন্ন টেলিভিশন চ্যানেলের সঙ্গে সামাজিক যোগাযোগ মাধ্যম যেমন, ফেসবুক, টুইটারও টেন্ডার জমা দিয়েছিল সোশ্যাল মিডিয়া স্বত্ত্বের জন্য। পুরো ব্যাপারটি দেখার জন্য বিসিসিআই অডিট ফার্ম ডিলয়েটের উপর দায়িত্ব দিয়েছিল।
 
বর্তমানে যে চ্যানেলের কাছে বিসিসিআই এর সম্প্রচার স্বত্ত্ব রয়েছে তাদের সঙ্গে আগামী বছরই চুক্তি শেষ হয়ে যাবে। এই মুহূর্তে বোর্ডের যা পরিকল্পনা তাতে আগামী ১০ বছরের জন্য সম্প্রচার স্বত্ত্ব দিতে চাইছে তারা। তবে সেটা কিভাবে এবং কার হাতে উঠবে সেটা এখনো নিশ্চিত নয়। ক্রিকইনফো
 
ইত্তেফাক/এমএইচ