শুল্ক ফাঁকির মাধ্যমে অবৈধভাবে আমদানিকৃত ২৭ কোটি টাকার ভেজাল ইলেকট্রনিক্স ও কসমেটিক্স সামগ্রী মতিঝিল এলাকার একটি ওয়্যার হাউস থেকে জব্দ করেছে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।
এসব পণ্যের মধ্যে রয়েছে আন্তর্জাতিক পর্যায়ের বিভিন্ন ব্রান্ডের এসি, টেলিভিশন ও কসমেটিক্স সামগ্রী। মতিঝিল টয়েনবি সার্কুলার রোডে মেসার্স ম্যাক্স ইলেট্রো ইন্ডাস্ট্রিজ ওয়্যার হাউসে এসব পণ্য সামগ্রী মজুদ রাখা হয়। গোপন সংবাদের ভিত্তিতে শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতর গত ৬ অক্টোবর গোডাউনটি সীলগালা করে দেয়।
বৃহস্পতিবার জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান গোডাউনটিতে গুদামজাত পণ্য পরিদর্শনে এসে সাংবাদিকদের বলেন, অবৈধভাবে আমদানি হওয়া বিপুল পরিমাণ এসব ভেজাল পণ্য বাজারজাত করার লক্ষে গোডাইনে মজুদ করা হয়েছিল। কিন্তু শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদফতরের তত্পরতায় আমরা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর এই পণ্য আটক করতে সক্ষম হয়েছি। রাজস্ব ফাঁকি এবং জনস্বাস্থ্যের জন্য হুমকি এই পণ্যাদি আমদানির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে তিনি জানান।
তিনি বলেন, অত্যন্ত সংগঠিতভাবে এসব পণ্য আমদানি করা হয়েছে। এর পেছনে কারা জড়িত তাত্ক্ষণিকভাকে জানা সম্ভব হয়নি। তবে তদন্ত চলছে। অসত্ ব্যবসায়ীদের বাইরে যদি কোন রাজস্ব কর্মকর্তা এই কাজের সাথে জড়িত থাকে, তাহলে সেসব কর্মকর্তার বিরুদ্ধেও আইনী ব্যবস’া নেয়া হবে বলে তিনি উল্লেখ করেন।
ইত্তেফাক/এএম।