নির্দোষ দাবি ক্রিকেটার শাহাদাত ও তার স্ত্রীর

গৃহকর্মী নির্যাতনের মামলায় জাতীয় দলের ক্রিকেটার শাহাদাত হোসেন ও তার স্ত্রী জেসমিন জাহান বৃহস্পতিবার আদালতে আত্মপক্ষ সমর্থন করে নিজেদের নির্দোষ দাবি করেছেন।
 
বৃহস্পতিবার এ মামলায় সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সময় আদালতে তারা এ দাবি করেন। পরে ঢাকার ৫ নম্বর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক তানজিনা ইসমাইল যুক্তিতর্ক উপস্থাপনের জন্য ৩১ অক্টোবর মামলার পরবর্তী দিন ধার্য করেন।
 
রাষ্ট্র পক্ষের আইনজীবী আলী আসগর স্বপন সাংবাদিকদের জানান, শাহাদাত ও তার স্ত্রী জেসমিন নিজেদের নির্দোষ দাবি করে আদালতের কাছে ন্যায়বিচার প্রার্থনা করেছেন।
 
এ মামলায় ১২ জনের মধ্যে মোট সাতজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে। আসামিদের বিরুদ্ধে যদি আনিত অভিযোগ প্রমাণিত হয়, তবে সর্বোচ্চ শাস্তি ১৪ বছর এবং সর্বনিম্ন সাত বছরের কারাদণ্ড হতে পারে বলে আদালত সূত্র জানায়।
 
উল্লেখ্য, গৃহকর্মী নির্যাতনের অভিযোগে গত বছরের ৬ সেপ্টেম্বর রাজধানীর মিরপুর থানায় জনৈক খন্দকার মোজাম্মেল হক মামলাটি করেন। পরে ১৩ সেপ্টেম্বর ওই গৃহকর্মী নির্যাতনের বর্ণনা দিয়ে আদালতে জবানবন্দি দেয়। ঘটনার তদন্ত করে ওই বছরের ২৯ ডিসেম্বর পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
 
এ মামলার অভিযুক্ত আসামি জেসমিনকে একই বছরের ৩ অক্টোবর মালিবাগ থেকে গ্রেফতার করে পুলিশ। পরে তাকে কারাগারে পাঠায় আদালত। এরপরে ৫ অক্টোবর শাহাদাত আদালতে আত্মসমর্পণ করলে তাকেও কারাগারে পাঠানো হয়। -বাসস।
 
ইত্তেফাক/এসএস