ফুটপাত দখলমুক্ত রাখতে হাইকোর্টের রায়ের বাস্তবায়ন চাই

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র সাঈদ খোকন বলেছেন, ফুটপাত অবৈধ দখল মুক্ত রাখতে মহামান্য হাইকোর্টের দেওয়া রায়ের সুস্পষ্ট বাস্তবায়ন চাই। গতকাল বৃহস্পতিবার দুপুরে গুলিস্তান এলাকায় করপোরেশনের পক্ষ থেকে ফুটপাতে অবৈধ হকার উচ্ছেদ অভিযান পরিচালনা পরবর্তী পরিদর্শন শেষে মেয়র সাঈদ খোকন সাংবাদিকদের এক ব্রিফিং-এ কথা বলেন।
 
মেয়র বলেন, গুলিস্তান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি এলাকা। প্রতিদিন লাখ লাখ লোক এ পথ দিয়ে চলাচল করে। তাই এ এলাকার ফুটপাত পরিচ্ছন্ন রাখতে প্রতিদিন উচ্ছেদ অভিযান পরিচালনাসহ যা যা করা দরকার সব করা হবে। ফুটপাতে অবৈধভাবে নির্মিত দোকানপাট উচ্ছেদকালে সংস্থার প্রধান সম্পত্তি কর্মকর্তা মো. খালিদ আহমেদ, নির্বাহী ম্যাজিস্ট্র্রেট মো. আবু সাঈদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মামুনুর রশীদসহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
 
গুলিস্তান আন্ডারপাস সংলগ্ন (দক্ষিণ পাশের) ফুটপাতে অবৈধভাবে নির্মিত দোকানপাট, সুন্দরবন মার্কেটের চারপাশে অবৈধভাবে গড়ে উঠা দোকানপাট ভেঙে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এ ছাড়া ফুলবাড়িয়াস্থ বিআরটিসি বাসস্ট্যান্ডের আশেপাশের ফুটপাত জুড়ে গড়ে উঠা টং দোকানসহ অন্যান্য অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। এ কার্যক্রম চলমান থাকবে।
 
সাঈদ খোকন বলেন, হকাররা পথ আটকে রাখার কারণে রোগীর গাড়ি চলাচল, শিশুদের স্কুলে যাতায়াতসহ পথচারীদের চলাচলে বাধার সৃষ্টি হয়। নির্বাচিত জনপ্রতিনিধি হিসেবে নাগরিকদের অসুবিধা মেনে নেব না। কেউ রাস্তা দখল করতে চাইলে তাকে কঠোরভাবে দমন করা হবে।
 

ইত্তেফাক/এএন