সারিয়াকান্দির কালিতলা গ্রোয়েনে ধস

যমুনার ভাঙন থেকে বগুড়ার সারিয়াকান্দি বন্দর রক্ষায় কার্যকরী কালিতলা গ্রোয়েনটির উত্তর পাশে ২০ মিটার স্লোব বৃহস্পতিবার ভোরে ধসে গেছে। যমুনা নদীর প্রচণ্ড স্রোত ও ঘূর্ণাবর্তে সিসি ব্লক সরে গিয়ে গ্রোয়েনটি হুমকির মুখে পড়েছে। হঠাত্ করে গ্রোয়েনটির স্লোব ধসে যাওয়ায় গ্রোয়েন সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের ওপর বসবাসকারী কয়েকশ’ পরিবার আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে।
 
নদীভাঙন থেকে সারিয়াকান্দি বন্দর রক্ষায় ২০০০ সালে পানি উন্নয়ন বোর্ড ৪৫ কোটি টাকা ব্যয়ে গ্রোয়েনটি নির্মাণ করে। নির্মিত হওয়ার পর কয়েক বছর গ্রোয়েনটি নিয়মিত রক্ষণাবেক্ষণ হলেও এখন গ্রোয়েনটি তদারকি করার জনবল নেই। পানি উন্নয়ন বোর্ডের সিরাজগঞ্জ বিশেষায়িত (পওর) বিভাগের অধীনে সারিয়াকান্দি বিশেষায়িত (পওর) উপ-বিভাগ কালিতলা গ্রোয়েন ও দুইটি হার্ড পয়েন্ট রক্ষণাবেক্ষণ করত। কিন্তু গত পাঁচ বছর ধরে জনবল না থাকায় এই উপ-বিভাগটি অঘোষিতভাবে বন্ধ রয়েছে।
 
সারিয়াকান্দি বিশেষায়িত (পওর) উপ-বিভাগের সদ্য দায়িত্ব প্রাপ্ত শাখা কর্মকর্তা (এসও) মো. ফারুক আল মামুন বলেন, সার্ভে রিপোর্টে দেখা গেছে সম্প্রতি বন্যায় গ্রোয়েনটির এরিয়ায় সিসি ব্লক সরে গিয়ে গর্তের সৃষ্টি হয়েছে । এ বিষয়টি ঊর্ধ্বতন কৃর্তৃপক্ষকে জানান হয়েছে।
 
সিরাজগঞ্জ বিশেষায়িত পওর বিভাগের নির্বাহী প্রকৌশলী শাহিনুজ্জামান বলেন, আমি এখন ঢাকায় আছি। গ্রোয়েনটি ধসে যাওয়ার বিষয়টি আমার জানা নেই। খোঁজ-খবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
 
ইত্তেফাক/এএন