রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অভিযান চালিয়ে আমদানি নিষিদ্ধ ৫০ হাজার শলাকা বিদেশি সিগারেট জব্দ করেছে শুল্ক গোয়েন্দা বিভাগ। আজ শুক্রবার সকালে এসব সিগারেট ২৫০ কার্টনে জব্দ করা হয়।
শুল্ক গোয়েন্দা বিভাগ জানায়, এসব সিগারেট যাত্রী মোহাম্মদ শুয়াইব উদ্দিন এনেছেন। তিনি দুবাই-কাতার-ঢাকা QR 636 ফ্লাইটযোগে ভোর ৩ টা ৫০ মিনিটে ঢাকায় অবতরণ করেন।
গোপন সংবাদ থাকায় শুল্ক গোয়েন্দারা ওই যাত্রীকে নজরদারিতে রাখেন এবং বেল্ট নম্বর ৪ থেকে ব্যাগেজ সংগ্রহ করার পর যাত্রীকে কাস্টমস হলে নিয়ে যাওয়া হয়। আমদানি নিষিদ্ধ ৫০,০০০ শলাকা সিগারেট জব্দ করা হয়। সিগারেটগুলো যাত্রীর ২টি ব্যাগেজে লুকায়িত ছিল।
আমদানি নীতি আদেশ অনুযায়ী প্যাকেটের গায়ে বাংলায় ধূমপান বিরোধী সতর্কীকরণ লেখা ব্যাতিত বিদেশি সিগারেট আমদানি করা যায় না। সিগারেটের উপর উচ্চ শুল্ক পরিহারের জন্যই এসব আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
জব্দকৃত সিগারেট American Blend, U.S.A এর 303, SUPER SLIMS ব্র্যান্ডের। পণ্যের শুল্ক করসহ আটক পণ্যের মূল্য প্রায় ২২ লক্ষ টাকা। জব্দ পণ্যের বিষয়ে শুল্ক আইনে ব্যবস্থা নেয়া হয়েছে বলে জানায় শুল্ক গোয়েন্দা বিভাগ।
ইত্তেফাক/কেকে