বাঞ্ছারামপুরে ইউপি চেয়ারম্যান গুলিবিদ্ধ, আটক-২

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার দরিকান্দি ইউপি চেয়ারম্যান সফিকুল ইসলাম স্বপন (৪২) গুলিবিদ্ধ হয়েছেন।
 
বৃহস্পতিবার রাত ১২টায় উপজেলর খালায় তার নিজ বাড়িতে তিনি গুলিবিদ্ধ হন।
 
জানা গেছে, রাত ১২টায় ফোনে যোগাযোগ করে সাহেব নগর গ্রামের রফিকুল হক বাবু ইউপি চেয়ারম্যান সফিকুলের বাড়িতে যান। এ সময় তাদের মধ্যে বাক্বিতণ্ডা হয়। একপর্যায়ে রফিকুল (৩৫) চেয়ারম্যানকে লক্ষ্য করে কয়েকটি গুলি করে মোটরসাইকেলে করে পালিয়ে যায়। অচেতন অবস্থায় সফিকুলকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসা শেষে কর্তব্যরত চিকিৎসকের পরামর্শে তাকে ঢাকায় পাঠানো হয়েছে। বর্তমানে তিনি অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
 
বাঞ্ছারামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অংশ কুমার দেব তথ্যের সত্যতা নিশ্চিত করে জানান, জিজ্ঞাসাবাদের জন্য রফিকুল হক বাবুর স্ত্রী হোসনে আক্তার (৩৪) ও শ্বশুর মিলন খন্দকারকে আটক করেছে পুলিশ।
 
ইত্তেফাক/এএসএমইউ