জবি ভর্তি: প্রাচীর টপকে পরীক্ষার হলে...

 
পরীক্ষা শুরু হয়ে গেছে। কিন্তু তখনও একদল শিক্ষার্থী রাস্তার উল্টো পাশে বসে পড়ালেখায় মগ্ন। অতঃপর গেট বন্ধ হয়ে যাওয়ায় প্রাচীর টপকে পরীক্ষা হলে প্রবেশ। এ দৃশ্য দেখা গেছে, আজ শুক্রবার কাকরাইলের উইল লিটল ফ্লাওয়ার স্কুলের সামনে। সেখানে চলছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা।
 
ঘটনাস্থলে উপস্থিত অভিভাবকরা অভিযোগ করেন, এসব শিক্ষার্থীদের বিলম্বে পরীক্ষা হলে প্রবেশের উদ্দেশ্য প্রশ্নপত্র হাতে পাওয়ার পর উত্তর পড়ে যাওয়া। এ জন্য তারা নির্ধারিত সময়ের আগে এসেও পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেনি। তারা আরো অভিযোগ করেন, কয়েকজন যুবক এসব শিক্ষার্থীদের প্রাচীর টপকাতে সহায়তা করে।
 
IMG1
IMG0
 
 
ঘটনাস্থল থেকে ইত্তেফাকের প্রতিবেদক জানান, বিকাল তিনটার দিকে পরীক্ষা শুরু হয়। এসব শিক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করে তিনটা ১৫ মিনিটের দিকে। তিনটা ২০ মিনিটে ঘটনাস্থল পরিদর্শন করেন রমনা থানার এসআই আশরাফ। এরপর থেকে সহায়তাকারী যুবকদের ওখানে আর দেখা যায়নি।
 
এক পরীক্ষার্থীর ভাই মাহমুদুর রহমান বলেন, ৪/৫ জন শিক্ষার্থী গেটের সামনে বসে থেকেও দেরিতে প্রবেশ করেছে। নাম প্রকাশ না করার শর্তে একজন অভিভাবক জানান, প্রায় ২৫ থেকে ৩০ জন শিক্ষার্থী দেরিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ করেছে। তবে এর মধ্যে দু’একজন সত্যিকার অর্থেই দেরি করে পরীক্ষা কেন্দ্রে এসেছে। পরে তারাও একই উপায় অবলম্বন করে।
 
 
আজ সরকারি ছুটির দিন হওয়ায় রাজধানীর বেশিরভাগ এলাকা ছিল যানজটমুক্ত। এরপরও একসঙ্গে এতগুলো শিক্ষার্থীর দেরিতে পরীক্ষা কেন্দ্রে প্রবেশ সন্দেহের অবকাশ তৈরি করেছে।
 

ইত্তেফাক/এএম।