চরফ্যাশনে হতদরিদ্রের তালিকায় প্রবাসী-ইউপি সদস্যের স্বজনরা!

ভোলার চরফ্যাশনের আছলামপুর ৭নং ওয়ার্ডে সরকারের ১০টাকা কেজি দরের চালের তালিকায় প্রবাসে থাকা জনৈক ইউনুছ ও ইউপি সদস্যের নিজ বাড়ির ২১ জনের নাম স্থান পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এলাকার সুবিধা বঞ্চিতদের অভিযোগে এ তথ্য পাওয়া গেছে। এ নিয়ে কার্ড বঞ্চিতদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে।  
 
আজ শুক্রবার সরেজমিনে আছলামপুর ইউনিয়নের আবুগঞ্জ বাজারে গেলে হান্নান, নুরনবী, সাজাহান, হাবিব, রুহুল আমিন ও হাছনা হেনা আছলামপুর ইউপি সদস্য মো. নরনবীর সামনেই সংবাদকর্মীদের কাছে অভিযোগ করে বলেন, ৭নং ওয়ার্ডের আবদুল খালেকের পুত্র ইউনুছ সিকদার প্রবাসে থাকলেও তার নাম তালিকায় অর্ন্তভুক্ত করে (সিরিয়াল নং ১৩৭৬) আত্মসাৎ করা হচ্ছে চাল। মেম্বারের নিজ বাড়ির ২১ জনের নাম এই তালিকায় স্থান পেয়েছে কিন্তু আমরা দিনমজুর হলেও মেম্বার আমাদেরকে ১০টাকা কেজি দরে চালের কার্ড দেননি। তিনি কার্ড দিয়েছেন তার পছন্দের লোকজনকে।
 
ইউপি সদস্য মো. নুরনবী জানান, অধিকাংশ পরিবারেই ২/১টি করে কার্ড দেয়া হয়েছে তারপরও অভিযোগ করলে কিছু বলার নেই। এ সময় ডিলারের বিরুদ্ধে ৩০ কেজির স্থলে ২৯ কেজি করে চাল দেয়ার অভিযোগ করেন হতদরিদ্ররা।
 
ডিলার মো. ফরিদ জানান, ২৯ কেজি করে চাল দেয়ার অভিযোগ সঠিক নয়।