ফেনীতে ট্রেনে কাটা পড়ে এক ব্যক্তি নিহত

ঢাকা থেকে চট্টগ্রামগামী মেইলে কাটা পড়ে ফেনী বিদ্যুৎ বিতরণ বিভাগের মিটার রিডার আবদুল হাই নিহত হয়েছেন। শুক্রবার ভোর ৬টার দিকে এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানান, ফেনীর রেলক্রসিং ছেড়ে ৫শ’ গজ দূরে আবদুল হাই রেললাইনের উপর প্রাতঃব্যায়াম করা অবস্থায় আচমকা ট্রেন ঘটনাস্থলে পৌঁছলে তিনি ট্রেনের নিচে পড়ে যান। তার দেহ থেকে মাথা, দুই পা বিচ্ছিন্ন হয়ে গেলে পরে এলাকার লোকজন সেগুলি কুড়িয়ে নিয়ে তার মৃতদেহসহ ফেনী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করেন। 
 
বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেন এবং তারা সকলেই আবদুল হাই’র মৃতদেহ নিয়ে ছাগলনাইয়ার কুহুমা গ্রামে যান এবং সেখানে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। মৃত্যুকালে তিনি এক পুত্র, এক কন্যা, স্ত্রী ও বহুগ্রাহী রেখে যান।