মাগুরায় বিষপানে প্রেমিকের আত্মহত্যা, প্রেমিকা হাসপাতালে

মাগুরায় শুক্রবার একইদিনে প্রেমিক যুগলসহ ৪ জন আত্মহত্যার চেষ্টা করেছে। বিষপানের ফলে প্রেমিকের মৃত্যু হয় আর প্রেমিকা হাসপাতালে ভর্তি রয়েছে। 
 
শুক্রবার দুপুরে মাগুরা সদর উপজেলার গোপীনাথপুর গ্রামে প্রেমিক সাগর সিংহ (১৮) বিষপানে আত্মহত্যা করেন। প্রেমিক সাগর বিষপানে আত্মহত্যা করেছে এই খবরে প্রেমিকা নুপুর (১৬) বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে । 
 
অন্যদিকে মাগুরা সদর ও শহরের মাতৃসদন পাড়ায় পৃথকভাবে দুইজন আত্মহত্যার চেষ্টা করে। 
 
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, মাগুরা সদর উপজেলার গোপিনাথপুর গ্রামের বাবলু সিংহের ছেলে সাগর সিংহের সঙ্গে প্রতিবেশী ক্ষিরোদ সরকারের স্কুল পড়ুয়া মেয়ে নুপুরের প্রেমের সর্ম্পক গড়ে ওঠে। তারা উভয়ই নিজ বাড়িতে বিয়ের প্রস্তাব দেয়। বয়স অল্প হওয়াসহ নানা কারণে বাড়ি থেকে সে প্রস্তাব মেনে নেওয়া হয়নি। এ কারণে অভিমান করে সাগর বিষপানে আত্মহত্যা করলে সেই খবরে নুপুরও বিষপানে আত্মহত্যার চেষ্টা করে। তাকে মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। 
 
অন্যদিকে মাগুরা সদরের জাগলা গ্রামের মোহন মোল্যার ছেলে ইব্রাহিম বাবা মায়ের সাথে অভিমান করে ও শহরের মাতৃসদন পাড়ার সঞ্জয় দাস নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক গলায় ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। তাদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
   
মাগুরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. কৃষ্ণ দাস বিশ্বাস জানান, বেঁচে থাকা ৩ জনের অবস্থাই আশংকাজনক। তাদের চিকিৎসা চলছে। 
       
মাগুরা সদর থানার এস আই নাসির উদ্দিন জানান, সাগর সিংহের আত্মহত্যার বিষয়ে একটি অপমৃত্যু মামলা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্যে মর্গে পাঠানো হয়েছে। অন্যদির বিষয়গুলি খতিয়ে দেখছে পুলিশ। 
 
 
 
 
ইত্তেফাক/এমআই