বগুড়ার ধুনট উপজেলায় কিশোরের ইটের আঘাতে খোরশেদ আলম (৭০) নামে এক কৃষক মারা গেছেন।
শুক্রবার সন্ধ্যা ৬টার দিকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খোরশেদ আলম সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার খুকশিয়া গ্রামের জব্বার আলীর ছেলে।
খোরশেদ আলমের ছেলে বাবুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে তার বাবা নির্মাণাধীন সেতুর বাইপাস রাস্তা দিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় সেতুর ওপর থেকে খেলার ছলে স্থানীয় এক কিশোর একটি ইট সেতুর ওপর থেকে পাশের রাস্তায় ফেলে দেয়। ওই ইটটি খোরশেদ আলমের মাথায় পড়লে তিনি অচেতন হয়ে যান। তাকে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ধুনট থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, এ ঘটনা ঘটেছে সিরাজগঞ্জের কাজিপুর থানা এলাকায়। তাই ওখানকার পুলিশ এ বিষয়ে ব্যবস্থা নিবেন।
ইত্তেফাক/ইউবি