ইয়েমেনের বিদ্রোহীরা মক্কার দিকে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। মক্কার কাছে এটিকে ভূপাতিত করা হয়। এটি সৌদি আরবের বিরুদ্ধে তাদের সর্বোচ্চ দূরত্বে ক্ষেপণাস্ত্র হামলার অন্যতম। শুক্রবার সৌদি নেতৃত্বাধীন জোট একথা জানিয়েছে। গত বছরের মার্চ থেকে সৌদি নেতৃত্বাধীন জোট বিদ্রোহীদের বিরুদ্ধে বোমা হামলা চালাচ্ছে। বিদ্রোহীদের নিক্ষিপ্ত ক্ষেপণাস্ত্র প্রতিহত করতে সৌদি আরব প্যাট্রিডট ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে।
জোট বাহিনীর পক্ষ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, হুতি বিদ্রোহীরা বৃহস্পতিবার সন্ধ্যায় সীমান্তের ওপারে তাদের সাদা প্রদেশের ঘাঁটি থেকে ‘মক্কা এলাকার দিকে’ ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ করে। এতে আরো বলা হয়, ‘সৌদি আরবের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মক্কা থেকে প্রায় ৬৫ কিলোমিটার দূরে ক্ষেপণাস্ত্রটি প্রতিহত ও ধ্বংস করতে সক্ষম হয়। এই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।’