সিলেটের দক্ষিণ সুরমার টেকনিক্যাল রোডের একটি অটো রাইস মিলে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে পুরাতন বিদ্যুৎ লাইনের শর্ট সার্কিট থেকে অগ্নিকাণ্ডটি ঘটেছে। এতে ঐ রাইস মিলের গুদামের চাউল ও একটি ট্রাক আগুনে পুড়ে অর্ধকোটি টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
শুক্রবার রাত সাড়ে ৯ টার দিকে টেকনিক্যালের নিউ কাওসার অটো রাইস মিলে এ ঘটনা ঘটে।
জানা গেছে আগুন লাগার পরপরই পথচারীরা ফায়ার সার্ভিসকে খবর দেন। চাউলের বস্তা ও তোষ থেকে আগুন দ্রুত গুদামে ছড়িয়ে পড়ে। সেখানে থাকা একটি ট্রাকও ভস্মীভূত হয়। আগুন লাগার প্রায় ২০ মিনিট পর ফায়ার সার্ভিস ঘটনাস্থলে আসে।
এর আগে দক্ষিণ সুরমা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আতাউর রহমানের নেতৃত্বে একদল পুলিশ রাস্তা যানজট মুক্ত করে দেন। প্রায় আধঘণ্টা চেষ্টা চালিয়ে দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
কাওসার মিলের মালিক আবদুল মুমিনের ভাই মজনু মিয়া বলেন, মিলটি শুক্রবার বন্ধ ছিল। কীভাবে মিলে আগুন লেগেছে কেউ জানে না।
ফায়ার সার্ভিস সিলেটের পরিদর্শক শামসুল ইসলাম জানান, কিছুদিন আগেও ফায়ার সার্ভিস থেকে কাওসার মিলটি পরিদর্শন করে মালিককে অগ্নিনির্বাপণের ব্যবস্থা রাখতে ও মিলে পুরাতন বিদ্যুৎ লাইন পরিবর্তনের জন্য অনুরোধ করা হয়। কিন্তু তিনি তা মানেননি। ধারণা করা হচ্ছে, ওই পুরাতন বিদ্যুতের লাইন থেকে শর্ট সার্কিট হয়ে আগুন লেগেছে।
ইত্তেফাক/এমআর/আরএ