জামালপুরের ইসলামপুর উপজেলায় সোমবার বালিভর্তি ভটভটি চাপায় দলিল লেখক নিহত হয়েছেন। নিহত দলিল লেখক দধি চন্দ্র গোয়ালার (৬৫) বাড়ি মেলান্দহ উপজেলার হাতিজা পাইলিং ঘাট এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, দলিল লেখক দধি চন্দ্র গোয়ালা বেলা ১১টার দিকে রেজিস্ট্রি অফিসে জরুরী কাজ শেষ করে বাড়ির ফেরার পথে বঙ্গবন্ধু মোড় এলাকায় পৌঁছালে হঠাৎ একটি বালিভর্তি ভটভটি তাকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে ইসলামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।
তার অবস্থার চরম অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তার মৃত্যু হয়।
চালক ভটভটি নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে ইসলামপুর থানার অফিসার ইনচার্জ আসলাম হোসেন দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
ইত্তেফাক/আরকেজি