বগুড়ার শিবগঞ্জ উপজেলায় হতদরিদ্রদের জন্য সরকারের বরাদ্দ দেওয়া ১০ টাকা কেজি দরের ৬০ বস্তা চাল পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
শনিবার বিকেলে উপজেলার মাঝিহট্ট ইউনিয়ন পরিষদের আশে-পাশের এলাকা থেকে এসব চাল উদ্ধার করে পুলিশ।
এসব চালের ওজন প্রায় ২ হাজার কেজি। এর মধ্যে হলুদেরখেত থেকে ২০ বস্তা এবং দুই ব্যক্তির বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৪০ বস্তা চাল উদ্ধার করে পুলিশ।
শিবগঞ্জ থানার এএসআই হাফিজুর রহমান হাফিজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইউনিয়ন পরিষদের পাশে হলুদেরখেত থেকে ছোট-বড় ২০ বস্তা, মোজাম মণ্ডলের বাড়ি থেকে ১০ এবং সিদ্দিক মিয়ার বাড়ি থেকে পরিত্যক্ত অবস্থায় ৩০ বস্তা চাল উদ্ধার করা হয়। চালগুলো থানায় আনা হয়েছে।
ইত্তেফাক/ইউবি