‘মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে দেওয়া যাবে না’

বাল্যবিবাহ প্রতিরোধে মেয়েদের ১৮ বছরের আগে বিয়ে না দেয়ার এবং ন্যূনতম স্নাতক শ্রেণি পর্যন্ত পড়ানোর আহ্বান জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক।
 
রাজধানীর মিরপুরে শনিবার ডাচ-বাংলা ব্যাংক আয়োজিত মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান অনুষ্ঠানে অভিভাবকদের উদ্দেশে তিনি এ আহ্বান জানান। 
 
অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ডাচ্-বাংলা ব্যাংকের চেয়ারম্যান সায়েম আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বাংলাদেশে নিযুক্ত কানাডিয়ান হাইকমিশনার বেনওয়া পিয়ের লাঘামে এবং ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বক্তব্য রাখেন।
 
আইনমন্ত্রী বলেন, যুগোপযোগী শিক্ষা ব্যবস্থা ছাড়া সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সম্ভব নয়। তাই বর্তমান সরকার ভিশন-২০২১ কে সামনে রেখে সুশিক্ষিত ও দক্ষ মানবসম্পদ গড়ে তোলার জন্য শিক্ষাকে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়ার প্রধান হাতিয়ার হিসেবে বিবেচনায় নিয়েছে। 
 
তিনি বলেন, মেধাবী অথচ আর্থিকভাবে অসচ্ছল ছাত্র-ছাত্রীদের শিক্ষার আলোয় আলোকিত করার মাধ্যমে সমাজ ও জাতির বহুমুখী উন্নয়ন সম্ভব। কারণ তারাও হতে পারে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির চালিকা শক্তি। তাই তাদের মেধা বিকাশে সঠিক যত্ন ও রক্ষণাবেক্ষণ আমাদের নৈতিক দায়িত্ব। 
 
মন্ত্রী বলেন, সরকারের একার পক্ষে এই বিশাল দায়িত্ব পালন করা সম্ভব নয়। সেজন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠান এমনকি ব্যক্তি বিশেষকে এগিয়ে আসতে হবে।
 
অনুষ্ঠানে ৩ হাজার ৩৭ জন ছাত্র-ছাত্রীকে বৃত্তি দেয়া হয়, যাদের অর্ধেক ছাত্রী। -বাসস।
 
 
ইত্তেফাক/এমআই