আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হত্যার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মরণোত্তর বিচারের দাবি উঠেছে।
তিনি বলেন, ‘জিয়াউর রহমান বঙ্গবন্ধুর হত্যার পরিকল্পনাকারী হিসেবে চিহ্নিত হয়েছে।’ বিএনপি দেশে হত্যার রাজনীতি শুরু করেছে উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা আরো বলেন, দেশবাসীর দাবি, বিদেশে বঙ্গবন্ধুর পালাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার সঙ্গে বঙ্গবন্ধু হত্যার পরিকল্পনাকারী হিসেবে জিয়াউর রহমানের মরণোত্তর বিচার করা।
মাহবুব-উল-আলম হানিফ আজ শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দেয়া বক্তব্যের জবাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।
মির্জা ফখরুল শুক্রবার এক আলোচনা সভায় আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে বলে উল্লেখ করেছিলেন।
সংবাদ সম্মেলনে আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দীপুমণি এমপি, আবদুর রহমান এমপি, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, একেএম এনামুল হক শামীম, খালিদ মাহমুদ চৌধুরী, মুহিবুল হাসান চৌধুরী নওফেল, দপ্তর সম্পাদক ড. আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন নাহার লাইলী প্রমুখ উপস্থিত ছিলেন।
মাহবুব-উল-আলম হানিফ বলেন, আওয়ামী লীগের অতীত ঐতিহ্য জনগণের পক্ষে আন্দোলন করা। এ জন্য বঙ্গবন্ধুকে বারবার কারাবরণ করতে হয়েছে।
তিনি বলেন, ‘আর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আওয়ামী লীগের রক্তে সন্ত্রাস রয়েছে বলে উল্লেখ করেছেন।
তিনি বলেন, মির্জা ফখরুলের মুখেই এ ধরনের কথা বলা সম্ভব।’
মির্জা ফখরুলের এ ধরনের বক্তব্যে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান হানিফ এবং ভবিষ্যতে এ ধরনের মিথ্যাচার থেকে বিরত থাকার আহ্বান জানান। -বাসস।
ইত্তেফাক/এমআই