প্রথম আলো মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার প্রতিযোগিতা-২০১৬ এ সংবাদপত্র শাখায় দ্বিতীয় স্থান অর্জন করেছেন দৈনিক আমাদের সময়ের স্টাফ রিপোর্টার হাসান আল জাভেদ। বিভিন্ন সংবাদপত্র থেকে আবেদনকরা ৩১ টি প্রতিবেদনের মধ্যে সেরাদের তালিকায় উঠে আসে ইয়াবা পাচার ও ব্যবসার চাঞ্চল্যকর তথ্য সমৃদ্ধ প্রতিবেদন। গত ১৬ মে মংডু থেকে টেকনাফ: মাছ ব্যবসায়ী বেশে সাংবাদিক ‘মিশন ইয়াবাবাহী ট্রলার এবং ১৭ মে ‘টেকনাফের নির্বাচনে ইয়াবা ব্যবসায়ীদের দাপট’ শিরোনামে প্রতিবেদনে এ পুরস্কার পান তিনি।
সংবাদপত্র ক্যাটাগরিতে প্রথম পুরস্কার পান খুলনা থেকে প্রকাশিত ‘দক্ষিণাঞ্চল প্রতিদিন’ এর স্টাফ রিপোর্টার জয়নাল ফরাজী। তৃতীয় পুরস্কার পান ‘দৈনিক নয়া দিগন্ত’ এর চট্টগ্রাম প্রতিনিধি এস এম ওমর ফারুক। এছাড়া ইলেক্টনিক্স মিডিয়া ক্যাটাগরিতে জমাকৃত ২৯ টি প্রতিবেদনের মধ্যে সেরা প্রতিবেদক হিসেবে প্রথম পুরস্কার পান ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি মাহবুব আলম লাভলু, দ্বিতীয় হয়েছেন বাংলা ভিশনের দীপন দেওয়ান এবং তৃতীয় হয়েছেন চ্যানেল আইয়ের মোস্তফা কামাল মল্লিক।
শনিবার বিকেলে রাজধানীর একটি হোটেলে রাজধানীর একটি হোটেলে ‘প্রথম আলো ট্রাষ্ট’ মাদকবিরোধী আন্দোলনের উদ্যোগে মাদকবিরোধী সেরা প্রতিবেদন পুরস্কার অনুষ্ঠান ও পরামর্শ সহায়তার ৭৫ তম আসরে বিজয়ীদের হাতে অর্থমূল্য, ক্রেষ্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।
সমাজে মাদক বিরোধী সচেতনতা সৃষ্টির জন্য প্রথম আলো ট্রাস্টের আন্দোলনের অংশ হিসেবে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ায় প্রকাশিত বা প্রচারিত প্রতিবেদনের জন্য ছয়জন সাংবাদিককে মাদক বিরোধী সেরা প্রতিবেদন পুুরস্কার প্রদান করা হয়। এ পুরস্কারের অর্থমূল্য হিসেবে প্রতি বিভাগে প্রথম স্থান অধিকারি ৫০ হাজার, দ্বিতীয় স্থান অধিকারি ২৫ হাজার এবং তৃতীয় স্থান অধিকারিরা ১৫ হাজার টাকা পান। একই প্রতিবেদনের কারণে হাসান আল জাভেদ গত ২৮ মে আমাদের সময় পত্রিকা থেকে ‘রিপোর্ট অন ড্রাগস অ্যান্ড রেড লাইট এরিয়া’ শিরোনামে ‘বেস্ট অব দ্যা মান্থ অ্যাওয়ার্ড’ ও সম্মাননা হিসেবে নগদ অর্থ পুরস্কার পান।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রধান তথ্য কমিশনার গোলাম রহমান বলেছেন, মাদকের বিস্তার রোধে গণমাধ্যমকে আরও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। এ ধরনের সংবাদ প্রকাশে আরও সতর্ক হতে হবে যাতে প্রচারের মাধ্যমে মানুষ মাদক ব্যবহারে নিরুৎসাহিত হয়।