ভেনিজুয়েলাতেই মাদুরোর জন্ম: আদালতের রায়

প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর জন্ম ভেনেজুয়েলাতেই বলে রায় দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত। দীর্ঘদিন ধরে বিরোধীদের ধারণা, সমাজতান্ত্রিক এই নেতা প্রতিবেশী দেশ কলম্বিয়ায় জন্মগ্রহণ করেছেন এবং তার দ্বৈত নাগরিকত্ব রয়েছে। 
 
দেশটির সুপ্রিম কোর্টের দেওয়া রায়ে বলা হয়েছে, “অকাট্য প্রমাণ পূর্ণ নিশ্চয়তা দিচ্ছে, ভেনেজুয়েলার রাষ্ট্রপ্রধান কারাকাসে জন্মগ্রহণ করেছেন।” পাশাপাশি মাদুরোর অন্যকোনো দেশের নাগরিকত্ব নেই বলে ওই রায়ে নিশ্চিত করা হয়েছে। তবে কী ধরনের প্রমাণাদি পর্যালোচনা করা হয়েছে তা জানায়নি আদালত। বিরোধীদলীয় নেতারা মাদুরোকে তার জন্মসনদ দেখানোর দাবি জানিয়েছেন। 
 
একই সঙ্গে যেখানে তিনি জন্মগ্রহণ করছেন বলে উল্লেখ করেছেন সেখানকার সরকারি কর্মকর্তাদের বর্ণনায় অমিল রয়েছে বলেও দাবি করেছেন তারা। কেউ কেউ মাদুরোকে দ্বৈত নাগরিকত্ব রাখার প্রেক্ষাপটে প্রেসিডেন্ট পদ থেকে তাকে বরখাস্ত করারও দাবি জানিয়েছেন। তবে তাদের সেই উদ্যোগ আর এগোয়নি, কারণ তার জন্মসদন তারা সংগ্রহ করতে সক্ষম হয়নি। 
 
তবে বাস ড্রাইভার থেকে ইউনিয়ন নেতা তারপর পররাষ্ট্রমন্ত্রী থেকে ভেনেজুয়েলার প্রেসিডেন্ট হওয়া মাদুরো বরাবরই তার বিরুদ্ধে ওঠা এসব অভিযোগ প্রত্যাখ্যান করে এসেছেন। রয়টার্স। 
 
ইত্তেফাক/এসএসএ