কুষ্টিয়ার তাপস ঘটক ১০০০ বিয়ে দেবার অপেক্ষায়

কুষ্টিয়া মিরপুর পৌরসভার ৯ নং ওয়ার্ড খন্দক বাড়ীয়া কুঠিপাড়া মহল্লার মৃত মসলেম উদ্দিন শেখ’র পুত্র তাপস শেখ (৪৫)। পেশা-ঘটকালী। তাপস শেখকে লেখাপড়া শিখতে কেউ কোনদিন স্কুলে যেতে দেখেননি। অথচ নিরক্ষর তাপস ঘটক দেশের রাস্তার ফকির থেকে শুরু করে বরেন্য ব্যাক্তিদের বিয়ের ঘটকালী করে অনন্য নজির স্থাপন করে চলেছেন।
 
২২ বছর ধরে তিনি ঘটকালী পেশার সঙ্গে জড়িত। এই ২২ বছরে তাপস মুসলিম ও হিন্দু সম্প্রদায়ের ৯৮৩ জন ছেলে-মেয়ের বিয়ে দিয়েছেন। এরমধ্যে ৪৫ জন রয়েছে হিন্দু সম্প্রদায়ের পাত্র-পাত্রী। এক সময়ের পানি উন্নয়ন বোর্ডের নিম্ন-কর্মচারী মুক্তার শেখ তাপসের ‘ঘটক ওস্তাদ’। তাপসের এখন একটাই লক্ষ্য এক হাজার দিয়ে দেবার মাইল ফলক স্পর্শ করার। আর মাত্র ১৭টি বিয়ে দেবার কাজ করতে পারলেই তিনি এক হাজার বিয়ে দেবার অনন্য নজির স্থাপন করবেন।
 
ইত্তেফাকের সঙ্গে আলাপকালে তাপস জানান, ঘটকালী মহান পেশা। বিয়ে দেবার কাজটি বেশ জটিল। এ পেশায় নানা প্রতিকুলতার  মুখোমুখি হতে হয়। তারপরও তিনি পেশা বদলাননি।
 
ঘটকালী পেশার পাশাপাশি তাপস ইটভাটার সর্দারের কাজ করেন। তিনি আরো জানান, ঘটকালী পেশার সঙ্গে জড়িত হবার পর থেকে দেশের আমির থেকে ফকির সবার সঙ্গে তার সম্পর্ক তৈরি হয়েছে। এজন্য ঘটকালীর প্রয়োজনে নিরক্ষর হবার পরও সমাজের নিম্ন শ্রেনী পেশার মানুষ থেকে শুরু করে সচিবালয়ে পর্যন্ত তাকে যেতে হয়।
 
তাপস নিজে লেখাপড়া না জানলেও তার বড় ছেলেকে উচ্চ শিক্ষিত করেছেন। ব্যাক্তিগত জীবনে ঘটক তাপসের ৩ স্ত্রী ৫ সন্তানের জনক।
 
ইত্তেফাক/এএন