নতুন করে আবারও ফিরলেন স্বাগতা

 

মাঝখানে কিছুটা ভাটা গেলেও কয়েকটি প্রোগ্রাম উপস্থাপনার মধ্য দিয়ে পুরোদমে কাজে ফিরছেন অভিনেত্রী ও গায়িকা স্বাগতা। ‘অদ্বিতীয়া’ ছাড়া হাতে থাকা সবগুলো সিরিয়ালের কাজ শেষ করে ফেলেছেন আগেই। মাঝখানে ব্যস্ত ছিলেন নিজের সংসার নিয়ে। আশার কথা হলো, আসছে শনিবার থেকে বাংলাভিশনে সম্প্রচার হতে চলা পুরোনো দিনের নামকরা চলচ্চিত্রগুলোর গল্প, নাচ, গান নিয়ে সাজানো ‘রূপালি দিনে সোনালি গল্প’ অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন তিনি। প্রথম পর্বেই থাকছে রাজ্জাক-ববিতা অভিনীত যুগ বিজয়ী চলচ্চিত্র ‘পিচঢালা পথ’-এর আয়োজন।

 

এ বিষয়ে স্বাগতা বলেন, ‘এটি একটি ফিকশন অনুষ্ঠান। এ রকম মজার অনুষ্ঠান আমাদের দেশে খুব একটা দেখা যায়নি আগে। অনুষ্ঠানের প্রতিটি মুহূর্তই দর্শকরা উপভোগ করবেন বলেই আমার বিশ্বাস।’ এদিকে গতকাল থেকে উপস্থাপক হিসেবে বিটিভিতে শুরু করেছেন নতুন অনুষ্ঠান ‘তারার মেলা’র শুটিং। দীর্ঘদিন পর ফিরে উপস্থাপনার দিকেই বেশি ঝুঁকেছেন তিনি।