এ সময়ের ছোটপর্দার জনপ্রিয় মুখ আফরান নিশো। সমসাময়িক ব্যস্ততা ও ছোটপর্দার বিভিন্ন প্রসঙ্গ নিয়ে কথা বললেন বিনোদন প্রতিদিনের সাথে—
বর্তমান ব্যস্ততা—
ছোটপর্দার কাজ নিয়েই ব্যস্ত সময় পার করছি। বেশ কয়েকটি সিরিয়ালের কথাবার্তা চলছে, কিন্তু আমি হয়তো ধারাবাহিকে আর কাজ করবো না।
ধারাবাহিক নাটকে কাজ না করতে চাওয়ার পেছনে কোনো কারণ! নিজের স্বাচ্ছন্দ্যবোধের জায়গা কোনটি?
দুটি কাজের ধরন দু-ধরনের। কাজের ওপরই বিষয়টি পুরোপুরি নির্ভর করে। বিশেষ দিবসের নাটকেই নিজের স্বাচ্ছন্দ্যবোধ বেশি কাজ করে। আর ধারাবাহিকে নিয়মিত হতে না চাওয়ার সবচেয়ে বড় কারণ হলো আমাদের ধারাবাহিক নাটকগুলো একটা সময়ে গিয়ে ধারাবাহিকতা হারায়।
ছোটপর্দায় আপনি আপনার নিজের জায়গাটা কিভাবে মূল্যায়ন করেন?
কাজের সুবাদে বিভিন্ন চরিত্রে কাজ করছি। সেই জায়গা থেকে বলবো চরিত্রটাই প্রধান। আর পর্দায় সবসময় নিজেকে হিরো হিসেবে উপস্থাপন করা একজন অভিনেতার ‘সীমাবদ্ধতা’। বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে নিজেকে প্রমাণ করতে চাই। সমসাময়িক কাজের ক্ষেত্রে আমিই আমার বিচারক হিসেবে কাজ করি। যেন আমার পরবর্তী কাজটি আগের কাজের তুলনায় আরো ভালো হয় এবং দর্শকপ্রিয়তা ও গ্রহণযোগ্যতা পায়।
ছোটপর্দার গল্প, মান এবং কাজ নিয়ে দর্শকদের অভিযোগ রয়েছে, আপনি কি বলবেন এ বিষয়ে?
প্রথমত, আমার মনে হয়েছে আমাদের ছোটপর্দার শিল্পীদের মধ্যে এখনো পেশাদারি মনোভাব গড়ে ওঠেনি। অন্যের ওপর দোষ চাপানোরও একটা প্রবণতা রয়েছে। এখানে কাজের ক্ষেত্রে প্রায়ই শিল্পীরা শিডিউল গরমিল করছেন। অন্যদিকে, চ্যানেল কিংবা নাটকের প্রযোজকরা যথেষ্ট বাজেট দিচ্ছে না। এ নিয়ে, ও নিয়ে কত অভিযোগ। সমস্যার কথা সবার মুখে মুখে, কিন্তু সমাধানের কেউ নেই। একে অন্যের ঘাড়ে দোষ চাপিয়ে দিচ্ছি। ভালো আর কী করে সম্ভব!
নাটক এখন বিজ্ঞাপন সংস্থার কাছে চলে গেছে। এই বিষয়টিও তো ইন্ডাস্ট্রির ওপর একটা নেতিবাচক প্রভাব ফেলছে?
দেখুন, সবকিছুরই একটা ভালো দিক, খারাপ দিক থাকে। আর বিজ্ঞাপন সংস্থার অধীনে যে আমাদের নাটক সম্পূর্ণভাবে ঝুঁকে গেছে এমনটাও নয়। এদের নিয়ন্ত্রণেও ভালো কাজ হচ্ছে, সামনেও হবে। আগেও বলেছি আমাদের নাটকের মান কমার পেছনে দায়টা সবার। শুধু শুধু একটি গোষ্ঠিকে দায় দিয়ে লাভ নেই।
বড়পর্দায় আপনার কাজের কোনো খবর নেই। আপনার কি কখনো ইচ্ছে হয়নি বড়পর্দায় কাজ করার?
কাজের প্রচুর অফার পেয়েছি, কিন্তু আমার ইচ্ছে নেই। যেদিন আমার বড়পর্দায় কাজ করার ইচ্ছে হবে সেদিন হয়তো কাজ করবো।