রাজশাহীতে পদ্মা পাড়ের সড়কে ধস

রাজশাহীর বিহারীবাগান এলাকায় পদ্মা নদীর পাড় ঘেষা একটি সড়কে ভয়াবহ ধস নেমেছে। প্রায় ২০০ মিটার সড়ক মূল সড়ক থেকে পাঁচ ফুটের মতো নিচু হয়ে দেবে গেছে। এ ছাড়া সড়কের পাশের ফুটপাতটিও দেবে গেছে। 
 
গত এক সপ্তাহ আগে কেবল ফাঁটল দেখা দেয়ার পর ধীরে ধীরে সড়ক ও ফুটপাতটি দেবে গেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। 
 
রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) কর্মকর্তারা বলছেন, বন্যার পানি নেমে যাওয়ার কারণে ধস নেমেছে সড়ক-ফুটপাতে। তবে পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মকর্তারা বলছেন, বন্যার পানি নেমে যাওয়ার কারণে সড়কে ধস নামেনি। তাদের দাবি, সড়কের নিচে থাকা আর্বজনা পচে গিয়ে ধস নামতে পারে। 
 
উন্নয়ন বোর্ডের রাজশাহীর নির্বাহী প্রকৌশলী মোখলেসুর রহমান বলেন, সড়ক ধসের জন্য পানি উন্নয়ন বোর্ডের কোনো ত্রুটি এখন পর্যন্ত পাওয়া যায়নি। তবে তারা ধারণা করা হচ্ছে, সড়কটির নিচ থেকে বর্জ্য পচে ধস নেমেছে। 
 
রাজশাহী সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আশরাফুল হক বলেন, তিন বছর আগে ওই এলাকায় সড়কটি নির্মাণ করা হয়েছে। তখন মাটিতে কোনো সমস্যা ছিল না। রোলার দিয়ে ভালোভাবে মাটি মজবুত করে তারপর সড়ক নির্মাণ করা হয়েছে। নিচে আবর্জনা থাকলেও সড়ক দেবে যাওয়ার কথা না। ওই এলাকায় মাটির ইরোসনের কারণে সড়কটি দেবে যেতে পারে।
 
ইত্তেফাক/ইউবি