আওড়াখালী ব্রিজ ভেঙে সিমেন্ট ভর্তি ট্রাক খালে

কালীগঞ্জ উপজেলার জাঙ্গালীয়া ইউনিনের আওড়াখালী বাজার এলাকার একটি ব্রিজ সাত বছর যাবত্ সংস্কার করা হয়নি। কোনো রকমে জোড়াতালি দিয়ে ঝুঁকিপূর্ণভাবেই ব্যবহার হচ্ছিল ব্রিজটি। এতে আশপাশের ১৫টি গ্রামের হাজার হাজার মানুষকে দুর্ভোগ পোহাতে হতো। তবে শনিবার ব্রিজটি ভেঙে যাওয়ার মধ্য দিয়ে দুর্ভোগ আরো কয়েক গুণ বেড়ে গেলো।
 
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ওইদিন দুপুরে গাজীপুর সদর থেকে চারশ বস্তা সিমেন্ট ভর্তি শাহ সিমেন্টের একটি কাভার্ড ভ্যান নরসিংদী সদরে যাচ্ছিল। এ সময় ওই ব্রিজের কাছে কাভার্ড ভ্যানটি পৌঁছলে স্থানীয়রা বাধা দেয়। কিন্তু বাধা উপেক্ষা করে শাহ সিমেন্টের কাভার্ড ভ্যানটি ব্রিজে উঠার সঙ্গে সঙ্গে রেলিং ভেঙে নিচে পানিতে পড়ে যায়। এ সময় গাড়ির হেলপার নিচে থাকায় তিনি অক্ষত থাকেন। আর চালক মারাত্মকভাবে আহত হন।
 
উপজেলার জাঙ্গালিয়া ইউনিয়নের ব্যস্ততম ৭০-৮০ ফুট দৈর্ঘের ঝুঁকিপূর্ণ আওড়াখালী বাজার ব্রিজটি প্রায় সাত বছর যাবত্ অরক্ষিত অবস্থায় ছিল। আর এ অরক্ষিত অবস্থায়ই ঝুঁকি নিয়ে হালকা যান চলাচল করতো। ব্রিজের মাঝে বড় গর্ত এবং রেলিং ভাঙা ছিল। চলতি বছরের মাঝামাঝি সময় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এটি ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়।
 
উপজেলা নির্বাহী অফিসার খন্দকার মো. মুশফিকুর রহমান জানান, আমি এখানে নতুন যোগদান করেছি। তবে যতদূর জানি ব্রিজটির টেন্ডার হয়ে গেছে। ২৪ নভেম্বর থেকে কাজ শুরু হওয়ার কথা। তিনি আরো জানান, সাধারণ মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে পাশেই একটি বিকল্প বেইলি ব্রিজ তৈরি হবে। যাতে সাধারণ মানুষ চলাচল করতে পারে।
 
ইত্তেফাক/এএন