রায়পুরে প্রবাসীর বাড়িতে অগ্নিসংযোগ

 
লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় রাতের আধাঁরে আবদুল্লাহ আল মামুন নামের এক কাতার প্রবাসীর বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। এতে টিনসেট ঘর ও মালামাল পুড়ে ২০ লাখ টাকা ক্ষয়-ক্ষতি হয় বলে প্রবাসী পরিবারের অভিযোগ। রবিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার গাজীনগরের পশ্চিম চরপাতা গ্রামে এ ঘটনা ঘটে। 
 
ক্ষতিগ্রস্থ পরিবার ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে প্রবাসী আবদুল্লাহ আল মামুনের সঙ্গে তার চাচা আবুল খায়ের ও আবু তাহেরদের জমি নিয়ে বিরোধ চলে আসছে। প্রায় দুই একর জমির ওপর প্রবাসীর নতুন বাড়িটি। এ বাড়ি ছেড়ে দেয়ার জন্য চাচারা তাকে নানা ভাবে চাপ দিয়ে আসছিলেন। 
 
রবিবার দুপুরে তারা (চাচা) ওই বাড়িতে এসে কেয়ারটেকার আবুল কালাম ও তাজুল ইসলামকে বাড়ি ছেড়ে চলে যাওয়ার জন্য হুমকি দেন। এর জের ধরে বাড়িটিতে আগুন দিয়ে জ্বালিয়ে দেয়া হয় বলে প্রবাসীর অভিযোগ। এতে ঘর ও মালামাল পুড়ে ২০ লাখ টাকার ক্ষতি হয়। তবে ঘটনার সময় ঘরে কেউ ছিল না।
 
চরপাতা ইউনিয়ন পরিষদের এক নম্বর ওয়ার্ডের সদস্য (মেম্বার) তোফায়েল আহমেদ বলেন, জমি নিয়ে প্রবাসীর সঙ্গে তার চাচাদের বিরোধ চলে আসছে। এনিয়ে কয়েকবার দেনদরবার হয়েছে। তবে কী কারণে, কারা আগুন দিয়ে বাড়িটি জ্বালিয়ে দিয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি তিনি।
 
প্রবাসী আবদুল্লাহ আল মামুন বলেন, 'আমার জমি চাচা ও তাদের ছেলেদের কুনজরে পড়েছে। তারা আমাকে হত্যার চেষ্টা চালিয়েছেন। টেলিফোনে হুমকি দিয়েছেন। কেয়ারটেকারদের দিনে বাড়ি ছাড়ার হুমকি দিয়ে রাতে পরিকল্পিতভাবে আগুন দিয়ে জ্বালিয়ে দিয়েছেন। এ ঘটনার জন্য দায়িদের বিচার দাবি করছি।'
 
তবে এ বিষয়ে জানতে আবুল খায়ের ও আবু তাহেরের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাদের পাওয়া যায়নি।
 
রায়পুর থানার কর্তব্যরত ডিউটি অফিসার পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সমর চক্রবর্তী বলেন, 'বাড়ি জ্বালিয়ে দেওয়ার ঘটনাটি কেউ পুলিশকে জানায়নি। এবিষয়ে খোঁজ-খবর নেয়া হবে।'
 
 
ইত্তেফাক/কেকে