ব্লগার রাজীব হত্যা: আসামিদের আপিল শুনানি হাইকোর্টের কার্যতালিকায়

 
গণজাগরণ মঞ্চের কর্মী ব্লগার আহমেদ রাজীব হায়দার হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিদের আপিল ও ডেথ রেফারেন্স শুনানির জন্য হাইকোর্টের কার্যতালিকায় এসেছে। সোমবার বিচারপতি জাহাঙ্গীর হোসেন ও মোহম্মদ জাহাঙ্গীরের ডিভিশন বেঞ্চে কার্যতালিকায় মামলাটি শুনানির জন্য অন্তভুর্ক্ত হয়। শিগগিরই এই আপিল ও ডেথ রেফারেন্সের উপর শুনানি অনুষ্ঠিত হয়। 
 
গত ৩১ ডিসেম্বর ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল-৩ ব্লগার রাজীব হত্যা মামলায় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থীকে মৃত্যুদণ্ড ও ছয়জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়। 
 
নিম্ন আদালতের ফাঁসির রায় ডেথ রেফারেন্স আকারে হাইকোর্টে আসে। পাশাপাশি মৃত্যুদণ্ডপ্রাপ্ত রায়ের বিরুদ্ধে আপিল করে। 
 
আপিল ও ডেথ রেফারেন্স অগ্রাধিকার ভিত্তিতে শুনানির জন্য প্রধান বিচারপতি হাইকোর্টের এই বেঞ্চে পাঠান। এর আগে এই মামলার পেপার বুক প্রস্তুত করা হয়। অগ্রাধিকার ভিত্তিতে পেপার বুক প্রস্তুতের ফলে দ্রুতই এই মামলাটি শুনানি জন্য হাইকোর্টের কার্যতালিকায় উঠেছে বলে জানান অতিরিক্ত রেজিস্ট্রার (প্রশাসন ও বিচার) সাব্বির ফয়েজ।
 
২০১৩ সালের ১৫ ফেব্রুয়ারি বাসায় ফেরার পথে পল্লবীর কালশীর পলাশনগরে দুর্বৃত্তের হামলায় নিহত হন রাজীব। ওই ঘটনায় রাজীবের বাবা ডা. নাজিম উদ্দীন পল্লবী থানায় একটি হত্যা মামলা করেন। ২০১৪ সালের ২৯ জানুয়ারি মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক নিবারণ চন্দ্র বর্মণ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আটজনের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন। 
 
ইত্তেফাক/এএসএস