আইফোন পেতে নাম বদল!

আইফোন কিনতে শো-রুমের সামনে দাঙ্গা লেগে যাওয়া, সন্তান বা কিডনি বিক্রির ঘটনাও ঘটেছে আগে। এর সবই হয়েছে উদীয়মান অর্থনীতির দেশ চীনে। এমনকি, শুক্রাণুর বিনিময়ে আইফোন ৬এস দেয়ার বিজ্ঞাপনও দিয়েছে দেশটির স্পার্ম ব্যাংকগুলো।
 
তবে এবার চীন নয়; ইউক্রেনে আইফোনের প্রতি গ্রাহকদের দুর্নিবার আকর্ষণকে কাজে লাগাতে অভিনব অফার ঘোষণা করেছে এক ইলেকট্রনিক স্টোর। তাদের ঘোষণা, অ্যাপেলের আইফোন ৭ –এর নামে  যারা নিজেদের নাম বদল করবেন, তাদের মধ্য থেকে পাঁচজনকে এই ফোন বিশেষ মূল্য দেওয়া হবে!
 
এই অফারে সাড়া দিয়ে আলেকজান্ডার টুরিন নামে ২০ বছরের এক তরুণ সরকারিভাবে নিজের নাম বদল করে রেখেছেন আইফোন সিম (সেভেন)। এজন্য তিনি ওই স্টোরের দেওয়া অফারে ফোনটিও পেয়েছেন।
 
ইউক্রেনে আইফোনের দাম শুরু ৮৫০ মার্কিন ডলার থেকে। নাম বদল করে সিম সেই ফোন ২ ডলারে পেয়েছেন। সিম অবশ্য এরপর তার আসল নামে ফিরে যাওয়ার কথাও ভাবছেন।
 
সিমের এই নাম বদলের সিদ্ধান্ত হতবাক করে দেয় তার বন্ধু ও পরিবারের সদস্যদের। পরে অবশ্য সবাই বিষয়টিকে সমর্থন করেছেন।
 
তার বোন তেটিয়ানা পানিয়া বলেছেন, প্রথমে তো বিশ্বাস করাই কষ্ট হচ্ছিল। পরে অবশ্য এ নিয়ে কোনো সমস্যা হয়নি। কারণ, বিশ্বে সবাই তো নিজেকে প্রকাশ করার পথ খোঁজে। তার ভাই এই পথ নিলে ক্ষতি কীসের?
 
ইত্তেফাক/এএম