বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান রাজনৈতিক মামলায় আদালতে হাজিরা দিতে গেলে তার জামিন নামঞ্জুর করে কারাগারে প্রেরণের ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
সোমবার এক বিবৃতিতে বিএনপি মহাসচিব বলেন, দেশ পরিচালনায় সকল ক্ষেত্রে ব্যর্থ হয়ে বর্তমান শাসকগোষ্ঠী ফ্যাসিবাদী আচরণের আশ্রয় নিয়ে দেশকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।
তিনি বলেন, মানুষের ভোটের অধিকারকে তুচ্ছ জ্ঞান এবং গণতান্ত্রিক অধিকারের প্রতি তাদের ঐতিহ্যগত অবজ্ঞার কারণে দেশ এখন রক্তাক্ত প্রান্তর ও বন্দীশালায় পরিণত হয়েছে। বিরোধী দলের নেতা-কর্মীদের গ্রেফতার এবং তাদের বিরুদ্ধে মিথ্যা ও কাল্পনিক কাহিনী তৈরি করে মামলা দায়ের যেন শাসকগোষ্ঠীর মূল এজেন্ডা হয়ে গেছে। মিথ্যা, বানোয়াট ও সাজানো মামলায় বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও নারায়ণগঞ্জ জেলাধীন সোনারগাঁ উপজেলা চেয়ারম্যান আবদুল মান্নান এর জামিন বাতিল করে কারাগারে প্রেরণের ঘটনা সেই এজেন্ডারই প্রতিফলন।
মির্জা আলমগীর বলেন, ক্ষমতাসীনদের ধারণা এই যে, বিরোধী দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতন চালিয়ে দেশকে বিরোধী দলমুক্ত করে রাষ্ট্রক্ষমতা প্রলম্বিত করা যাবে, কিন্তু একই ধারণা পোষণকারী অতীতের স্বৈরাচারদের নির্মম পরিণতির ইতিহাস হয়তো বর্তমান শাসকগোষ্ঠী বেমালুম ভুলে গেছে।
ইত্তেফাক/এমআই