বেশ অনেক দিন ধরেই 'লেনোভো ফ্যাব প্রো ২' নিয়ে মাতামাতি চলছে প্রযুক্তিবিশ্বে। ডিভাইসটির জন্য রীতিমতো অপেক্ষায় রয়েছেন স্মার্টফোনপ্রেমীরা। শিগগিরই সেই অপেক্ষার পালা ঘুচতে চলেছে। ১ নভেম্বরই বাজারে আসছে ফোনটি।
'লেনোভো ফ্যাব প্রো ২' ডিভাইসটিতে প্রথমবারের মতো ব্যবহার করা হয়েছে গুগলের ট্যাঙ্গো প্রযুক্তি, যা ব্যবহারকারীর ভার্চুয়াল রিয়ালিটিকে সম্পূর্ণ অন্য মাত্রায় নিয়ে যাবে। অগমেন্টেড রিয়ালিটি (এআর) ও ভেরিয়েবল রিলাকট্যান্স সেন্সর (ভিআর)-এর সাহায্যে একজন ব্যবহারকারী তার চারপাশে এক কৃত্রিম জগৎ অনুভব করতে পারবেন। অর্থাৎ ঘরের ভিতরে বসে গেম খেলতে খেলতে গ্রাহক অনুভব করবেন যেন মাঠে নেমেই খেলছেন তিনি।
অ্যান্ড্রয়েড পুলিশ-এর খবরে প্রকাশ, চলতি বছরের জুন মাসে লেনোভো টেক ওয়ার্ল্ড ইভেন্টে ফোনটি প্রথম সর্বসমক্ষে আসে। এরপর গত সেপ্টেম্বরে ফোনটি বাজারে আসার কথা থাকলেও তা পিছিয়ে যায়। এবার শোনা যাচ্ছে, ১ নভেম্বরই বাজারে আসছে ফোনটি।
স্মার্টফোনটিতে রয়েছে ৬.৪ ইঞ্চি এইচডি আইপিএস ডিসপ্লে, অক্টা-কোর প্রসেসর, ৪ জিবি র্যাম, নিরাপত্তার জন্য ফিঙ্গারপ্রিন্ট স্ক্যানার, ৪০৫০ এমএএইচ ব্যাটারি, ৮ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা, ১৬ মেগাপিক্সেলের রিয়ার আরজিবি ক্যামেরা, একটি ডেপথ সেন্সিং ইনফ্রারেড ক্যামেরা এবং একটি মোশন ট্র্যাকিং ক্যামেরা। ডিভাইসটি দিয়ে ৩৬০ ডিগ্রি, ফোর-কে ভিডিও রেকর্ডিং করা যাবে।
ইত্তেফাক/এএম