লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের তিস্তা নদীর ভাঙ্গন থেকে রক্ষার জন্য সলেডি স্পার-২ নামে পানির উন্নয়ন বোর্ডের নির্মিত বাঁধের একটি অংশ মঙ্গলবার সকালে ধসে পড়েছে।
সরেজমিনে দেখা গেছে, এলাকাবাসী সকাল থেকে সিসি ব্লক ফেলে নদীর হাত থেকে বাঁধটি রক্ষার আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে গেছেন মহিষখোচা ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী ও সংশ্লিষ্ট ইউপি সদস্য মতিয়ার রহমান।
এলাকাবাসী জানায়, তিস্তা নদীর পানি হঠাৎ করে কমে যাওয়ায় পানির গতিপথ পরিবর্তন হয়ে সলেডি স্পার-২ বাঁধটির দিকে আঘাত হানে। এ সময় বাঁধটির একটি অংশ ধ্বসে যায়। আর আতংকিত হয়ে পড়ে বাঁধের পেছনে বসবাসকারী পরিবারগুলো। তারা দ্রুত ছুটে এসে পুরাতন সিসি ব্লক ফেলে বাঁধটি রক্ষার চেষ্টা চালায়।
ইউপি চেয়ারম্যান মোসাদ্দেক হোসেন চৌধুরী বাঁধটি সংস্কারের দাবি জানিয়েছেন।
পানি উন্নয়ন বোর্ডের এসডি (অতিরিক্ত দায়িত্ব) আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ঘটনাস্থলে লোকজন গেছেন। বাঁধটি রক্ষার জন্য দ্রুত ব্যবস্থা গ্রহণ করা হবে।’
ইত্তেফাক/এএসএমইউ